মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

শুভেন্দুর সহকারী হত্যায় ব্যবহৃত গাড়ি খুঁজে পেয়েছে পুলিশ

মে ৭, ২০২৬ ১২:৩৮ pm

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জয় পাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি খুঁজে পেয়েছে পুলিশ। উদ্ধার হওয়া গাড়ির নম্বরপ্লেটটি ভুয়া। ওই গাড়ি থেকে কিছু গুলি ও ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ তথ্য জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত।

 তিনি বলেন, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হত্যার ঘটনা তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের তদন্তে একাধিক দল গঠন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আপাতত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করা এবং গ্রেপ্তারই পুলিশের লক্ষ্য।

চন্দ্রনাথের খুনের ঘটনায় বিজেপি কর্মীরা বিক্ষোভ করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং শাস্তি দাবি জানান।

এদিকে বিজেপি সমর্থকদের একাংশের অভিযোগ, মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ এই খুন করিয়েছেন। পরিকল্পিতভাবে চন্দ্রনাথকে হত্যা করা হয়েছে। তবে রাজ্য বিজেপির নেতারা শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

তাদের বক্তব্য, আইন অনুযায়ী দুষ্কৃতীদের শাস্তির ব্যবস্থা করা হবে। চন্দ্রনাথের দেহ বারাসতের হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার গাড়ির চালকও গুলিবিদ্ধ। তার কলকাতার হাসপাতালে চিকিৎসা চলছে।