মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

যুদ্ধবিরতির মেয়াদ শেষ, ইউক্রেনে ফের ড্রোন হামলা

মে ১৪, ২০২৬ ১১:৪৬ am

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার একাধিক ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে ছয়জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। বুধবার এই হামলা চালানো হয়।

তিনি আরো জানান, মস্কো সারাদিনে প্রায় ৮০০টি ড্রোন ছুড়েছে এবং এরপরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে।রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় জাকারপাতিয়া অঞ্চলসহ বিভিন্ন এলাকায় হামলা চালায়। এই অঞ্চলটি স্লোভাকিয়া সীমান্তের কাছে। নিরাপত্তার কারণে স্লোভাকিয়া তাদের স্থল সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।

এর আগের দিন মঙ্গলবারও ইউক্রেনে হামলায় ৯ জন নিহত হয়। এরপর বুধবার আবার নতুন করে ব্যাপক হামলা চালানো হয়।অন্যদিকে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনও বুধবার ভোরে রাশিয়ার তিনটি শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ড্রোন হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে গভর্নর জানিয়েছেন।

মঙ্গলবার ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক, দোনেৎস্ক, খারকিভসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা হয়। এতে বহু মানুষ নিহত ও আহত হন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বুধবার রাশিয়া ৭৫৩টি ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে বেশিরভাগ প্রতিহত করা হলেও কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তারা ২৮৬টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে।

ড্রোন ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার কয়েকটি অঞ্চলে শিল্প স্থাপনাসহ অবকাঠামোর ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলা চলমান যুদ্ধকে আরও তীব্র করে তুলেছে, যা ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলছে।