ভেনেজুয়েলায় মুক্তির পর মিত্রকে ‘অপহরণের’ অভিযোগ মাচাদোর
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৫:৫৭ pm
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো সোমবার বলেছেন, সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটকের পর কর্তৃপক্ষের হাতে মুক্তি পাওয়ার অল্প সময়ের মধ্যেই সশস্ত্র ব্যক্তিরা তার এক ঘনিষ্ঠ মিত্রকে ‘অপহরণ’ করেছে।
দেশটির পাবলিক প্রসিকিউটরস অফিস একই দিনে পরে নিশ্চিত করেছে, জাতীয় পরিষদের সাবেক সহসভাপতি ৬১ বছর বয়সী হুয়ান পাবলো গুয়ানিপাকে আবারও আটক করা হয়েছে এবং তাকে গৃহবন্দি করা হবে। অফিসটি দাবি করেছে, মুক্তির শর্ত ভঙ্গ করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার এক বিবৃতিতে অফিসটি জানায়, ‘ফৌজদারি প্রক্রিয়া সুরক্ষিত রাখতে’ গুয়ানিপাকে গৃহবন্দি করা হবে।
তবে তার মুক্তির শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি।মাচাদো অভিযোগ করেন, রাজধানী কারাকাসে তার ঘনিষ্ঠ ওই মিত্রকে ‘বেসামরিক পোশাক পরা’ সশস্ত্র ব্যক্তিরা জোরপূর্বক ধরে নিয়ে গেছে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘আমরা তার তাৎক্ষণিক মুক্তি দাবি করছি।’
কারাগার থেকে রবিবার মুক্তি পাওয়ার পর এই গ্রেপ্তারকাণ্ড ঘটল।
ওইদিন আরো দুই বিরোধী নেতার সঙ্গে গুয়ানিপাকে মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে প্রায় তিন দশকের সমাজতান্ত্রিক শাসনে ভিন্নমতাবলম্বীদের আটক করতে ব্যবহৃত অভিযোগগুলো অন্তর্ভুক্ত করে একটি ঐতিহাসিক সাধারণ ক্ষমা আইন নিয়ে মঙ্গলবার ভোটের প্রস্তুতি নিচ্ছিলেন আইনপ্রণেতারা।মুক্তির পরপরই গুয়ানিপা কারাকাসের কয়েকটি আটক কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি রাজনৈতিক বন্দিদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সংবাদমাধ্যমে কথা বলেন।
এর আগে রবিবার গুয়ানিপা তার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে হাজির হন, যেখানে তার মুক্তির নথিপত্র বলে মনে হওয়া কাগজ দেখা যায়।
ভিডিওতে গুয়ানিপা বলেন, ‘আমরা এখানে, মুক্তি পাচ্ছি।’ তিনি যোগ করেন, কারাকাসে তিনি ‘১০ মাস আত্মগোপনে ছিলেন, প্রায় ৯ মাস এখানে আটক ছিলেন’।