ভারতে ঝড় ও বজ্রপাতে ৫৬ মৃত্যু
মে ১৪, ২০২৬ ১১:৪৮ am
ভারতের উত্তর প্রদেশে প্রবল বৃষ্টি, শক্তিশালী ঝড় ও বজ্রপাতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বুধবারের এই ঝড়ে গাছ উপড়ে পড়ে এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী, প্রয়াগরাজে ১৭ জন, ভাদোহিতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বড়াউনে ৫ জন, প্রতাপগড়ে ৪ জন, চন্দৌলি ও কুশীনগরে ২ জন করে এবং সোনভদ্র জেলায় ১ জন মারা গেছেন।
প্রয়াগরাজের বিভিন্ন এলাকায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ভাদোহিতেও ঝড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।
ফতেহপুরে ঝড়ে ৯ জন নিহত ও ১৬ জন আহত হন। প্রতাপগড়ে দেয়াল ধস, সিমেন্টের ছাউনি ধস এবং বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়।কানপুর দেহাতে বজ্রপাতে ১৯ বছর বয়সী এক তরুণীসহ আরো দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে থাকা এক ৬০ বছর বয়সী ব্যক্তি আহত হন।
দেওরিয়া ও সোনভদ্রসহ অন্যান্য জেলাতেও বজ্রপাত ও গাছ উপড়ে পড়ে প্রাণহানি হয়েছে।প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং বহু ঘরবাড়ি নষ্ট হয়েছে। আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ সমীক্ষা চলছে।