যুক্তরাষ্ট্রে ভোটগ্রহণ শুরুর কেন্দ্রীয়ভাবে নির্দিষ্ট কোনো সময় নেই। প্রতিটি অঙ্গরাজ্য তাদের নিজ নিজ নিয়ম অনুযায়ী ভোটগ্রহণের সময় নির্ধারণ ও পরিচালনা করে। তবে দেশটিতে আজ সবার আগে স্থানীয় সময় ভোর ৫টায় ভোটগ্রহণ শুরু হবে ভার্মন্ট রাজ্যে।
এ ছাড়া জর্জিয়া, ফ্লোরিডা, পেনসিলভানিয়া ও নিউইয়র্কে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে ভোটগ্রহণ শুরু হবে। আর ওহাইও ও নর্থ ক্যারোলিনায় ভোটগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। মিশিগানে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় কেন্দ্রগুলো খোলা হবে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন টাইম জোনের কারণে ধাপে ধাপে কেন্দ্রগুলো বন্ধ হতে শুরু করবে। সবার আগে ইন্ডিয়ানা ও কেনটাকিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৪টায়) ভোটগ্রহণ সম্পন্ন হবে।
মিশিগানে রাত ৮টায় এবং কানসাসে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (উভয় স্থানে বাংলাদেশ সময় ভোর ৬টায়) ভোট গ্রহণ শেষ হবে। এছাড়া আইওয়াতে রাত ৮টায় (বুধবার বাংলাদেশ সময় ভোর ৭টায়) কেন্দ্রগুলো বন্ধ হবে।
সবার শেষে ভোট কেন্দ্র বন্ধ হবে আলাস্কায়, যা পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী বুধবার রাত ১টার দিকে। বাংলাদেশ সময় বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার দিকে ভোটগ্রহণ সমাপ্ত হবে এই রাজ্যে।
কখন পাওয়া যাবে চূড়ান্ত ফলাফল?
ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই মঙ্গলবার রাত থেকে প্রাথমিক ও আংশিক ফলাফল প্রকাশ হতে শুরু করবে। মঙ্গলবার পুরো সন্ধ্যা পেরিয়ে বুধবারেও একের পর এক অঙ্গরাজ্যের গণনার ফল সামনে আসবে।
রাজ্যগুলোর ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর নির্বাচনী কর্মকর্তারা তাদের নিজস্ব ভোট গণনার আনুষ্ঠানিক ডেটা প্রকাশ করা শুরু করবেন। তবে প্রাথমিক ফলের সঙ্গে চূড়ান্ত বিজয়ী নিশ্চিতের সম্পর্ক নেই। নির্বাচনী কর্মকর্তারা কেন্দ্রভিত্তিক ব্যালট যাচাই ও গণনা শেষে পরিসংখ্যান প্রকাশ শুরু করবেন।
মার্কিন বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মতো গণমাধ্যমগুলো সেই তথ্য বিশ্লেষণ করে আনুষ্ঠানিকভাবে কোনো আসনের বিজয়ী নিশ্চিত করে থাকে।
এদিকে ভোটাররা তাদের সুবিধা অনুযায়ী, ডাকযোগে, আগাম ভোট দিয়ে কিংবা নির্বাচনের দিন, অর্থাৎ মঙ্গলবার সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের ৪টি বাড়তি আসনে জয় পেতে হবে। অপরদিকে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ডেমোক্র্যাটদের প্রয়োজন অন্তত ৩টি অতিরিক্ত আসন।
