প্রেসিডেন্টের ২৭ বছরের সাজা কমাতে আইন বাতিল
মে ১০, ২০২৬ ১২:৩২ pm
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সাজা কমিয়ে আনতে পারে—এমন একটি আইনের কার্যকারিতা বাতিল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শনিবার দেওয়া এক আদেশে এ ঘোষণা দেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস।
আদেশে বলা হয়, ‘আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে দায়ের হওয়া আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত আইনটি কার্যকর করা যাবে না। ফলে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আগ পর্যন্ত এটি স্থগিত থাকবে।
বার্তা সংস্থা আলজাজিরা বলছে, ব্রাজিলের ২০২২ সালের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর ক্ষমতায় থাকার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন বলসোনারো। এই অভিযোগে তাকে গত বছরের সেপ্টেম্বরে ২৭ বছরের কারাদণ্ড দেয় দেশটির সুপ্রিম কোর্ট।
তবে গত ডিসেম্বরে কংগ্রেসে পাস হওয়া একটি আইন বলসোনারোসহ ওই মামলায় দণ্ডপ্রাপ্তদের সাজা কমানোর সুযোগ তৈরি করেছিল। রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসে পাস হওয়া ওই আইনে সাবেক প্রেসিডেন্ট লুলা জানুয়ারিতে ভেটো দিলেও এপ্রিলের শেষ দিকে বলসোনারোর মিত্ররা সেই ভেটো বাতিল করে দেয়।
এরপর আইনটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। আবেদনকারীদের দাবি, আইনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
বর্তমান আদেশ অনুযায়ী, সাজা কমানোর জন্য দণ্ডপ্রাপ্তদের আইনজীবীরা পৃথক আবেদন করতে পারবেন না, যতক্ষণ না সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত দেয়।
এদিকে ৭১ বছর বয়সী বলসোনারোর আইনজীবীরা শুক্রবার সুপ্রিম কোর্টে নতুন আবেদন জমা দিয়ে তার দণ্ড বাতিলের আহ্বান জানিয়েছেন।
তারা মামলাটিকে ‘ন্যায়বিচারের ব্যর্থতা’ বলে উল্লেখ করেছেন।প্রসঙ্গত, বলসোনারোর সাজা ও দণ্ডাদেশ নিয়ে ব্রাজিলে তীব্র রাজনৈতিক বিতর্ক রয়েছে। সমর্থকদের দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হয়েছে। তবে বিরোধীরা বলছে, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করতে এই রায় প্রয়োজন ছিল এবং সাবেক প্রেসিডেন্ট হলেও কেউ আইনের ঊর্ধ্বে নন।