সোমবার, মার্চ ২, ২০২৬

পুতিনের অপহরণ চেয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, রাশিয়ার ক্ষোভ

জানুয়ারি ১২, ২০২৬ ৫:২০ pm

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপহরণের ইচ্ছা প্রকাশ করে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বক্তব্যটিকে ‘বিকৃত মানসিকতার অশ্লীল কল্পনা’ বলে আখ্যা দিয়েছে মস্কো

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপহরণের আকাঙ্ক্ষা নিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। গতকাল ১১ জানুয়ারি রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘জন হিলির এই মন্তব্য ব্রিটিশ বিকৃত মানসিকতার অশ্লীল কল্পনা ছাড়া আর কিছুই নয়।’

এর আগে গত ৯ জানুয়ারি কিয়েভ ইনডিপেনডেন্টকে দেয়া সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানান, সুযোগ পেলে তিনি পুতিনকে আটক করে বিচারের মুখোমুখি করতে চান। কিয়েভে একটি আবাসিক ভবনে ড্রোন হামলার স্থান পরিদর্শনের সময় তিনি বলেন, ‘যদি যেকোনো বিশ্বনেতাকে অপহরণের সুযোগ থাকত, তবে পুতিনকে হেফাজতে নিয়ে তাঁর যুদ্ধাপরাধের জন্য জবাবদিহি করতাম।’

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, ইউক্রেন যুদ্ধের সময় শিশু অপহরণের মতো যুদ্ধাপরাধে জড়িত পুতিন। যদিও এ অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে মস্কো।

জন হিলির মন্তব্য এমন সময়ে এল যখন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এর তীব্র নিন্দা জানিয়ে, একে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করে রাশিয়া। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো নিন্দা জানায়নি যুক্তরাজ্য।