সোমবার, মার্চ ২, ২০২৬

নাইজারে সামরিক ড্রোন হামলায় নিহত হয় ১৭ বেসামরিক নাগরিক

ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৫:৫৮ pm

গত মাসে বুরকিনা ফাসো সীমান্তের কাছে পশ্চিম নাইজারে নাইজার সামরিক বাহিনীর ড্রোন হামলায় ১৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে, যার মধ্যে শিশুও রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ সোমবার এই তথ্য জানিয়েছে।

নাইজার পশ্চিম টিলাবেরি অঞ্চলে জিহাদি সহিংসতায় জর্জরিত, একটি উত্তেজনাপূর্ণ অঞ্চল যেখানে দেশটির সীমান্ত তার মিত্র বুরকিনা ফাসো এবং মালির সঙ্গে মিলিত হয়েছে। আল-কায়েদা এবং দায়েশ গোষ্ঠীর সঙ্গে যুক্ত যোদ্ধারা প্রায় এক দশক ধরে মারাত্মক হামলা চালিয়েছে।

এইচআরডব্লিউ এক বিবৃতিতে জানিয়েছে, ‘৬ জানুয়ারি একটি জনাকীর্ণ বাজারে নাইজারের সামরিক ড্রোন হামলায় চার শিশুসহ কমপক্ষে ১৭ জন বেসামরিক লোক নিহত এবং কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।’ এই হামলায় তিন যোদ্ধাও নিহত হয়েছেন বলে তারা জানিয়েছে।

এইচআরডব্লিউ জানিয়েছে, রাজধানী নিয়ামি থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) পশ্চিমে এবং বুরকিনা ফাসো সীমান্ত থেকে তিন কিলোমিটারেরও কম দূরে টিলাবেরি অঞ্চলের কোকোলোকো গ্রামে এটি ঘটেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা সকালে গ্রামের ওপর দিয়ে দুবার একটি ড্রোন উড়তে দেখেছেন এবং এরপর বাজারে শত শত লোক থাকা অবস্থায় তাতে অস্ত্র নিক্ষেপ করেছে বলেএইচআরডব্লিউ জানিয়েছে।

তারা আরো জানিয়েছে, ‘এই হামলা যুদ্ধ আইন লঙ্ঘন করেছে এবং এটি যুদ্ধাপরাধের শামিল হতে পারে।’২০২৩ সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা নাইজারের সামরিক নেতারা এই অঞ্চলে বিশাল সেনাবাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও তিলাবেরিতে জিহাদি গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করতে লড়াই করেছেন। দায়েশ গোষ্ঠী গত মাসে নিয়ামে বিমানবন্দর লক্ষ্য করে একটি হামলার দাবি করেছে।