ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসাবিষয়ক সাময়িকীতে প্রকাশিত গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।গবেষণা অনুযায়ী, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক হিসাব প্রকৃত সংখ্যার অতিরঞ্জন নয়, বরং তা একটি ন্যূনতম হিসাব। রয়টার্স জানিয়েছে এ খবর।
গাজা মর্টালিটি সার্ভে অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৫ জানুয়ারি পর্যন্ত গাজায় ৭৫ হাজার ২০০ জন সহিংস মৃত্যুর শিকার হয়েছেন। এটি যুদ্ধের আগে গাজার ২২ লাখ জনসংখ্যার প্রায় ৩ দশমিক ৪ শতাংশ।
গবেষণায় দেখা গেছে, নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের হার ৫৬ দশমিক ২ শতাংশ—যা ফিলিস্তিনি সরকারি তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এদিকে বুধবার গাজায় পৃথক দুই ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সাথে আংশিকভাবে খোলা রাফাহ ক্রসিং দিয়ে জরুরি চিকিৎসার জন্য হাজারো ফিলিস্তিনিকে বের হতে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল।
