আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনে জয় পেলে ডেমোক্র্যাটরা কংগ্রেস বা নিদেনপক্ষে হাউস বা সিনেটের নিয়ন্ত্রণ পেলে কীভাবে সে ক্ষমতা প্রয়োগ করবেন, তার কিছু পরিকল্পনা আটছেন।

কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ অক্ষুন্ন থাকবে নাকি ডেমোক্র্যাটরা ছিনিয়ে নেবে, তা এখনও নিশ্চিত নয়। তবে মধ্যবর্তী নির্বাচনগুলো হোয়াইট হাউসের দায়িত্বে থাকা ক্ষমতাসীন দলের জন্য মাঝে মাঝে বেশ নিষ্ঠুর প্রমাণিত হতে পারে। ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ পেলে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দিনগুলো বেশ ঝঞ্ঝাবিক্ষুব্ধ হতে পারে।

কংগ্রেসের যেকোনো কক্ষের নিয়ন্ত্রণ হাতে পেলেই তা ডেমোক্র্যাট দলকে সাক্ষ্য দেওয়ার বা নথি পেশ করার জন্য বাধ্যতামূলক সমন জারি করার ক্ষমতা দেওয়ার পাশাপাশি আগামী বছরের শুরুতে তদন্ত শুরু করার জন্য অতিরিক্ত অর্থায়ন বা তহবিল জুগিয়ে দেবে।

আলোচনার সাথে পরিচিত ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং সম্ভবত খোদ প্রেসিডেন্টের বিরুদ্ধেও; তদন্ত করা হবে কিনা তা বিবেচনা করে দেখছেন।

সংশ্লিষ্ট কর্মীরা ইতিমধ্যেই সম্ভাব্য তদন্ত এবং সাক্ষীদের একটি তালিকা তৈরি করতে শুরু করেছেন। আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে তারা অন্তত চারটি বিষয় অগ্রাধিকারের ভিত্তিতে সামনে আনতে পারে।

১. ট্রাম্পের পরিবার এবং অর্থায়ন

ডেমোক্র্যাটরা এটি স্পষ্ট করে দিয়েছেন যে ট্রাম্প পরিবারের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মাধ্যমে সম্পন্ন হওয়া লাভজনক চুক্তিগুলোই হবে যেকোনো প্রাথমিক তদন্তের প্রধান লক্ষ্য।

হাউস ওভারসাইট কমিটির সদস্য ও ভার্জিনিয়ার ডেমোক্র্যাটিক প্রতিনিধি সুহাস সুব্রামনিয়াম বলেছেন, ‘আমরা এটি নিশ্চিত করতে চাই যেন  করদাতাদের ডলার বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা হয় এবং দুর্নীতির কারণে তা চুরি বা কারও পকেটে না যায়।’তদন্তের জন্য বিবেচনাধীন বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রশাসন এবং করপোরেট সংস্থাগুলোর; বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি সংস্থাগুলোর; মধ্যকার সম্পর্ক, পাশাপাশি প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারের আন্তর্জাতিক ব্যবসায়িক লেনদেন।

অন্যান্য বিষয়ের মধ্যে থাকতে পারে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের জন্য কাতারের উপহার দেওয়া ৪০০ মিলিয়ন ডলারের বিমান এবং ট্রাম্প পরিবারের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে দেওয়া কোটি কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি।

সুব্রামনিয়াম বলেন, ’আমার কাছে যা চমকপ্রদ মনে হচ্ছে তা হলো কেবল এই প্রশাসন, মন্ত্রিসভার কর্মকর্তা এবং এমনকি প্রেসিডেন্ট ও তাঁর পরিবারই যে দুর্নীতিগ্রস্ত ও আত্মস্বার্থ চরিতার্থকারী তা-ই নয়, বরং তারা এই বিষয়ে বেপরোয়া এবং প্রকাশ্য ছিলেন।’

হোয়াইট হাউস অবশ্য বারবার যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ‘কংগ্রেসে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে এবং পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় কমাতে যে অগ্রগতি হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তা আরও দ্বিগুণ করার দিকে মনোনিবেশ করছেন।’ 

তিনি আরো যোগ করেন, ‘আমেরিকান জনগণের জীবনমান উন্নত করার কোনো এজেন্ডা ডেমোক্র্যাটদের নেই, তাদের কেবল প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তবসম্মত এজেন্ডাকে বাধাগ্রস্ত করার এবং ভিত্তিহীনভাবে নিশানা বানানোর পরিকল্পনা রয়েছে।’ হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, কংগ্রেসে যারাই থাকুক না কেন, প্রশাসন যেকোনো তদারকি বা তদন্তের অনুরোধের জবাব দিতে সবসময় প্রস্তুত।

২. হেগসেথ এবং পেন্টাগন

ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধ পরিচালনায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন— যার মধ্যে রয়েছে বেসামরিক হতাহতের সংখ্যা, গোলাবারুদের ঘাটতি, যুদ্ধব্যয় এবং সৈন্যদের ও সামরিক স্থাপনাগুলোর দুর্বল প্রস্তুতির অভিযোগ। গত এপ্রিলে, হাউস ডেমোক্র্যাটদের একটি দল হেগসেথের বিরুদ্ধে বিরল অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। তারা ইরানের যুদ্ধের কথা উল্লেখ করে তাঁর বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ ও অপকর্মের’ অভিযোগ আনে।

হাউসে অভিশংসন পাসের জন্য কেবল সাধারণ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়, তবে দোষী সাব্যস্ত করা—এবং পদ থেকে অপসারণের—জন্য সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন পড়ে। মার্কিন ইতিহাসে আজ পর্যন্ত কোনো মন্ত্রিসভার কর্মকর্তাকে এভাবে পদ থেকে সরানো যায়নি। তবে কয়েকজন বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে, কংগ্রেসের শুনানির মাধ্যমে যে নেতিবাচক প্রচার তৈরি হবে, তা শেষ পর্যন্ত হেগসেথকে বরখাস্ত বা পদত্যাগে বাধ্য করতে পারে।

ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং প্রেসিডেন্সি সংক্রান্ত বিশেষজ্ঞ ডেভিড মিলার বলেন, ‘যদি এটি হোয়াইট হাউসের জন্য খারাপ দেখায় এবং তাদের গণমাধ্যমের মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো ওই কর্মকর্তাদের বিদায় করে দিতে পারেন। কারণ তিনি এ ধরণের নেতিবাচক সংবাদ চান না। এক অর্থে এটি ডেমোক্র্যাটদের জন্য একটি জয় হতে পারে।’

সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়কার হোয়াইট হাউসের সাবেক প্রধান নীতিশাস্ত্র বিষয়ক আইনজীবী রিচার্ড পেইন্টার বলেন, ‘ইরান যুদ্ধ শুরু করার সিদ্ধান্তটি গভীরভাবে খতিয়ে দেখা উচিত।’

তিনি বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হলো, এই যুদ্ধ কখনোই মার্কিন কংগ্রেস দ্বারা অনুমোদিত হয়নি, এবং প্রতিরক্ষামন্ত্রীকে তা আমার কাছে বড় বিষয় নয়।’ তিনি আরো বলেন, ‘সংবিধান অনুযায়ী কংগ্রেস যুদ্ধ ঘোষণা করার অধিকার রাখে। এবং আইনপ্রণেতাদের উচিত এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এই লোকদের ডেকে আনা।’

পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন এক বিবৃতিতে হেগসেথের ট্র্যাক রেকর্ডকে সমর্থন করে তাকে একজন ‘পরিবর্তনকারী নেতা’ হিসেবে অভিহিত করে বলেন, ‘যেকোনো মানদণ্ডেই, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের নেতৃত্বে যুদ্ধ বিভাগ আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে।’

৩. অভিবাসন এবং আইসিই অভিযান

শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটরা সম্ভাব্য সংসদীয় তদন্তের জন্য অভিবাসন আইন প্রয়োগকে একটি মূল অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন। এই তদন্তগুলোতে দেশজুড়ে অভিবাসন অভিযান চলাকালীন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসিই এজেন্টদের দ্বারা সংঘটিত অনিয়ম বা অসদাচরণের অভিযোগগুলো খতিয়ে দেখা হতে পারে। তবে এই তদন্তগুলো কঠিন এবং রাজনৈতিকভাবে জটিল প্রমাণিত হতে পারে।

২০২৪ সালে ট্রাম্প নথিপত্রহীন অভিবাসীদের গণ-বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছিলেন; যা তাঁর অনেক সমর্থকের মনে জায়গা করে নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপগুলো ইঙ্গিত দেয় যে, অনেক আমেরিকান, যাদের মধ্যে ওই নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করা ব্যক্তিরাও রয়েছেন, চলতি বছরে আমেরিকার শহরগুলোতে আইসিই দ্বারা ব্যবহৃত কিছু কৌশলের ব্যাপারে অস্বস্তি বোধ করছেন।

এর অর্থ হলো ডেমোক্র্যাটদের আইসিই-এর কৌশলের বিরোধিতা করা এবং একই সাথে সামগ্রিক অভিবাসন উদ্বেগগুলোকে খারিজ না করে দেখানোর মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলতে হবে।

৪. ট্রাম্পের তৃতীয় অভিশংসন

ট্রাম্পকে তৃতীয়বারের মতো অভিশংসন করার চেষ্টা করার সম্ভাবনার বিষয়ে ডেমোক্র্যাটরা নিজেদের মধ্যে বিভক্ত। আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজের মতো কিছু প্রতিনিধি অভিশংসনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। এর কারণ হিসেবে তাঁরা ইরানের সাথে অননুমোদিত যুদ্ধ এবং অন্যান্য কথিত অভিশংসনযোগ্য অপরাধের কথা উল্লেখ করেছেন।

অন্যরা আরও সতর্ক পন্থা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। তাদের যুক্তি হলো, যেকোনো অভিশংসনের শেষ পরিণতি হিসেবে সিনেটে ভোট দিয়ে ট্রাম্পকে পদ থেকে অপসারণ করার সম্ভাবনা খুবই কম। তা ছাড়া, অভিশংসন প্রক্রিয়া শুরু করার মতো কোনো নির্দিষ্ট কারণে দলটি একমত হতে পারবে কিনা তাও অস্পষ্ট।

অক্টোবরে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি চাইলে যা খুশি করতে পারি।’ তিনি আরও যোগ করেন যে তার প্রথম মেয়াদের অভিশংসন প্রচেষ্টা এবং পরবর্তীতে তার বিরুদ্ধে আনা ফৌজদারি মামলাগুলোকে তিনি ’অত্যন্ত অবৈধ বিষয়’ হিসেবে দেখেন।

হাউস ওভারসাইট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কোমার গত জুনে সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘ডেমোক্র্যাটরা হলো একঘেয়ে স্বভাবের লোক যারা কেবলই ট্রাম্পের পেছনে লাগতে যাচ্ছে।’

ডেমোক্র্যাটদের জন্য এর কোনো গ্যারান্টি নেই যে সম্ভাব্য কোনো তদন্ত শেষ পর্যন্ত কোনো তাৎপর্যপূর্ণ ফলাফল বয়ে আনবে। তবে সুহাস সুব্রামনিয়াম বলেছেন যে তাঁদের এই প্রচেষ্টা একটি বার্তা দেবে।

তিনি বলেন, ‘লোকজন কী ভাববে সেই ভয়ে, অথবা এটি সফল হবে না মনে করে, কিংবা তারা যদি আমাদের বাধা দেয় এবং সেই কারণে আমরা যদি কিছু না করি, তবে তা খারাপ হবে। এটি কেবল আগামী দুই বছরের জন্যই নয়, বরং আগামী ২০ বছরের জন্যও ক্ষতিকর হবে।’