দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সোমবার ঘোষণা করেছেন, তার গেম র্যাঞ্চের একটি সোফায় লুকিয়ে রাখা পাঁচ লাখ ডলারেরও বেশি নগদ অর্থ চুরির ঘটনা গোপন করে গুরুতর অসদাচরণের অভিযোগ পুনঃতদন্তের জন্য একটি অভিশংসন কমিটি গঠন করা হলেও তিনি পদত্যাগ করবেন না।জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে রামাফোসা বলেন, তিনি সংসদের সেই প্রতিবেদনটিকে আইনগতভাবে চ্যালেঞ্জ করবেন, যেটিতে তার বিরুদ্ধে অন্যায়ের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে।
দক্ষিণ আফ্রিকার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টকে অভিশংসন করতে হলে ৪০০ সদস্যের সংসদের অন্তত দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে। তবে অভিশংসন ভোটের আগে বহুদলীয় কমিটিকে পুরো ঘটনার তদন্ত করতে হবে। সংসদ এখনো এই তদন্ত শেষ হওয়ার কোনো সময়সীমা জানায়নি।
২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার দল আফ্রিকান জাতীয় কংগ্রেস সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়। এখন দলটি ১০টি দলের জোট সরকারের সবচেয়ে বড় দল। তবে দলের সংসদ সদস্যরা তার পক্ষে থাকলে রামাফোসা অভিশংসন ভোটেও টিকে যেতে পারেন।
এই কেলেঙ্কারি রামাফোসার ভাবমূর্তিকে বড় ধাক্কা দিয়েছে। তিনি ২০১৮ সালে দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় এসেছিলেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার আমলে দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ সময় ধরে দুর্নীতির অভিযোগ ছিল।
২০২২ সালে দক্ষিণ আফ্রিকার গোয়েন্দা সংস্থার সাবেক এক প্রধান প্রথম রামাফোসার বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি পুলিশের কাছে গিয়ে দাবি করেন, প্রেসিডেন্ট অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম করেছেন। পরে জানা যায়, চুরির ঘটনাটি ২০২০ সালে ঘটেছিল এবং বিষয়টি গোপন রাখা হয়েছিল।
রামাফোসা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সোফায় রাখা মার্কিন ডলারগুলো তার র্যাঞ্চে মহিষ বিক্রির বৈধ অর্থ ছিল। তবে এত টাকা কেন সোফার ভেতরে লুকানো ছিল এবং অর্থের প্রকৃত উৎস কী, এ নিয়ে প্রশ্ন ওঠে।
২০২২ সালের স্বাধীন তদন্ত প্রতিবেদনে বলা হয়, টাকার উৎস নিয়ে যৌক্তিক সন্দেহ রয়েছে। এ ছাড়া রামাফোসা যে ৫ লাখ ৮০ হাজার ডলারের কথা বলেছেন, প্রকৃত অর্থ তার চেয়েও বেশি হতে পারে বলে কিছু প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে আরো বলা হয়, সন্দেহভাজনদের খুঁজে বের করতে তিনি তার প্রেসিডেন্ট নিরাপত্তা ইউনিটের প্রধানসহ অন্যদের গোপনে ব্যবহার করেছিলেন।
