রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই হামলায় ওরেশনিক, ইস্কান্দার, কিনঝাল এবং জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
মস্কোর দাবি, সব হামলা সফল হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া রাতভর হামলায় হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। টেলিগ্রামে করা এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘ক্ষেপণাস্ত্রটি কিয়েভ অঞ্চলের বিলা সের্কভায় আঘাত হানে। যদিও হামলার লক্ষ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫৪৯টি ড্রোন এবং ৫৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস বা প্রতিহত করেছে। প্রায় ১৯টির মত ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় অন্তত দুজন নিহত এবং আরো ৫৬ জন আহত হয়েছেন। কিয়েভ জুড়ে আবাসিক ভবন, স্কুল, সুপারমার্কেট ও গুদামসহ প্রায় ৪০টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা জানিয়েছে, কিয়েভের শেভচেঙ্কো জেলায় একটি পাঁচতলা আবাসিক ভবনে আঘাত হানার পর আগুন লেগে একজন নিহত হয়েছেন।
উল্লেখ্য, রাশিয়া সর্বপ্রথম ২০২৪ সালের নভেম্বরে ইউক্রেনের দনিপ্রো শহরে একাধিক ওয়ারহেডযুক্ত ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। চলতি বছরের শুরুতে পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে এই ক্ষেপনাস্ত্রটি ব্যবহার করা হয়েছিলো।
