সোমবার, মার্চ ২, ২০২৬

১৫ বছর পর রিয়ালের এমন হারে শীর্ষে ওঠার সুযোগ পেল বার্সা

ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১১:৩৯ am

স্প্যানিশ লা লিগায় শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। থিবো কোর্তোয়ার ভুলে দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর ভিনিসিয়ুস জুনিয়রের গোলও দলকে রক্ষা করতে পারেনি। শেষ সময়ে গোল হজম করে ওসাসুনার কাছে ২-১ ব্যবধানে হেরে বার্সেলোনার হাতে নিজেদের ভাগ্য ছেড়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।

ওসাসুনার ঘরের মাঠে শনিবার ম্যাচের শুরু থেকেই চাপে ছিল রিয়াল।

ম্যাচটি জিতলে পাঁচ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু প্রথমার্ধে আান্তে বুদিমিরের পেনাল্টি এবং শেষ মুহূর্তে রাউল গার্সিয়ার গোলে আলভারো আরবেলোয়ার দলকে হার মানতে হয়।ম্যাচের ৩৮তম মিনিটে থিবো কোর্তোয়া কাছ থেকে বুদিমিরের শট একহাতে অসাধারণভাবে ঠেকিয়ে দেন। পরে কর্নার থেকে আসা হেড পোস্টে লাগান ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড।

প্রথমে বুদিমিরকে ডাইভিংয়ের অভিযোগে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু রিপ্লেতে দেখা যায়, গোলরক্ষক কোর্তোয়া তাকে ফাউল করেছিলেন। ভিএআর মনিটর দেখে সিদ্ধান্ত বদলে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে কোর্তোয়াকে ভুল দিকে পাঠিয়ে গোল করেন বুদিমির।
৬৪ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড মাঠে নামার পর কিছুটা ছন্দ ফেরে রিয়ালের খেলায়।

ম্যাচের ৭৩ মিনিটে সমতা ফেরান ভিনিসিয়ুস। ফেদেরিকো ভালভার্দের নিচু ক্রস থেকে বল জালে জড়ান তিনি। প্রায় পাঁচ মাস পর লিগে অ্যাওয়ে ম্যাচে গোল পেলেন এই ব্রাজিলিয়ান।

এরই মধ্যে কিলিয়ান এমবাপ্পে কাছ থেকে দারুণ শটে জাল খুঁজে পেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

নাটকীয়তা চরমে ওঠে শেষ মুহূর্তে। বদলি নেমে রাউল গার্সিয়া দুর্দান্ত ভঙ্গিতে কোর্তোয়াকে পরাস্ত করলেও প্রথমে অফসাইডের পতাকা ওঠে। তবে ভিএআরের সহায়তায় গোলটি বৈধ ঘোষণা করা হয়। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।এই জয়ে ২৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকায় নবম স্থানে উঠে এসেছে ওসাসুনা। এদিকে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। তবে এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। লেভান্তের বিপক্ষে রবিবার ঘরের মাঠে জিতলেই শীর্ষে উঠে যাবে হানসি ফ্লিকের দল।