সোমবার, মার্চ ২, ২০২৬

হৃদয়ের হার না মানা ৯৭, রাজশাহীর বিপক্ষে বড় পুঁজি রংপুরের

জানুয়ারি ১১, ২০২৬ ৩:২৪ pm

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। যেখানে ইনিংসের প্রায় অর্ধাংশজুড়ে আধিপত্য ছিল রাজশাহীর। ১১.২ ওভারে ৭২ রান তুলতেই রংপুর ৩ উইকেট হারায়। বড় সংগ্রহ নিয়ে শঙ্কায় দলটিকে এরপর লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে হৃদয়-খুশদিল শাহ জুটি। দুজন মিলে স্কোরবোর্ডে ১০৫ রান যোগ করেন। খুশদিল ৪৪ রানে ফিরলেও, ৯৭ রানে অপরাজিত ছিলেন হৃদয়।

dhakapost

এর আগে দলীয় ২৯ রানে কাইল মায়ার্সকে ফেরান রিপন মন্ডল। ৬ বলে ৮ রান করেন ক্যারিবীয় এই ব্যাটার। তিনে নামা লিটন দাসও ক্রিজে থিতু হতে পারেননি। ১৪ বলে ফেরেন ১১ রানে। ইফতিখার আহমেদ ছিলেন আরও ধীরগতির। তার ব্যাটে ১৫ বলে ৮ রান এসেছে। বাকি সময়ে হৃদয়-খুশদিল মিলে রংপুরকে সামনে টেনে নিয়ে গেছেন। তবে ৩ রানের আক্ষেপ নিয়েই ফিরতে হলো হৃদয়কে। ৭ বল বাকি থাকতে ৯২ রান করে সেঞ্চুরির প্রত্যাশা দেখিয়েছেন, কিন্তু পরের ওভারে স্ট্রাইক হারিয়ে সেটিও হাতছাড়া করেছেন। অবশ্য ওভারের শেষ বলটি পেয়েছিলেন, যা মিস করেছেন হৃদয়।

dhakapost

খুশদিল ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ এবং হৃদয় ৫৬ বলে ৯৭ রানের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ৪ ছক্কায়। ফলে শুরুতে বড় পুঁজির অনিশ্চয়তায় ভোগা রংপুর নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে। বিপরীতে রাজশাহীর হয়ে একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, জেমস নিশাম ও সন্দ্বীপ লামিচানে।