ছেলের নাম ঠিকভাবে উচ্চারণ করার ও ভুল ভাঙানোর অনুরোধ জানিয়ে মুনির ভিডিওতে বলেন, ‘আমি আপনাদের পরিষ্কার করে কিছু বলতে চাই। লামিনের নামের শেষ অংশ হলো নাসরাউই এবানা।
বাবার এই সংশোধনের পর বর্তমান বিশ্বফুটবলের এই বিস্ময়বালকের পূর্ণ নাম দাঁড়াচ্ছে—লামিনে ইয়ামাল নাসরাউই এবানা। স্প্যানিশ ও লাতিন সংস্কৃতি অনুযায়ী, তার নামের পদবির প্রথম অংশটি এসেছে বাবা মুনির নাসরাউইয়ের কাছ থেকে এবং দ্বিতীয় অংশটি এসেছে মা শেইলা এবানার কাছ থেকে। তবে এই নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়াটা খুব অস্বাভাবিকও নয়। কারণ ধারাভাষ্যকার থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকরাও প্রায়শই ‘ইয়ামাল’কে তার পদবি কিংবা ‘লামিনে’কে তার নামের প্রথম অংশ ভেবে ভুল করে থাকেন।
তবে এই নামের পেছনের গল্পটি কেবল একটি ফুটবলারের পরিচিতি নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে জীবনের কঠিন সংগ্রাম ও পরম কৃতজ্ঞতার এক ইতিহাস। ছেলের জন্মের আগে চরম আর্থিক অনটন ও কষ্টের দিন পার করছিলেন মুনির নাসরাউই ও শেইলা এবানা দম্পতি। সেই দুর্দিনে তাদের দুই ঘনিষ্ঠ বন্ধু—লামিনে ও ইয়ামাল হাত বাড়িয়ে দিয়েছিলেন। এমনকি তাদের দুঃসময়ে ঘর ভাড়া পরিশোধ করতেও সাহায্য করেছিলেন ওই দুই বন্ধুই।
বন্ধুদের সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা থেকেই এই দম্পতি প্রতিজ্ঞা করেছিলেন, ভবিষ্যতে তাদের কোনো পুত্রসন্তান হলে তারা ওই দুই বন্ধুর নামেই তার নামকরণ করবেন। অবশেষে ২০০৭ সালের ১৩ জুলাই তাদের কোল আলো করে প্রথম সন্তান জন্মের পর সেই প্রতিজ্ঞা বাস্তবায়ন করেন তারা।
মাঠে নিজেদের দুর্দান্ত পায়ের জাদুতে যিনি আজ গোটা বিশ্বকে আলোকিত করে চলেছেন, তার নামের ভেতর দিয়েই বেঁচে আছেন অতীতের কঠিন দিনে নিঃশর্ত পাশে দাঁড়ানো সেই দুই বন্ধু। ভক্তদের মনে থাকা নাম সংক্রান্ত সেই সংশয় দূর করে মুনির নাসরাউই যেন বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিলেন সেই কৃতজ্ঞতার কথাই।
