রবিবার লাহোরে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে পিসিবির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। আলোচনার মূল উদ্দেশ্য ছিল, কীভাবে সমঝোতার মাধ্যমে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়ানো যায়।
১) আইসিসি রাজস্ব বণ্টনে পাকিস্তানের অংশ বৃদ্ধি
২) ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট পুনরায় চালু করা
৩) আন্তর্জাতিক ম্যাচে হ্যান্ডশেক প্রটোকল কঠোরভাবে কার্যকর করা
এর আগে পাকিস্তান সরকার প্রকাশ্যে জানায়, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ থাকলেও ভারত ম্যাচ খেলতে দলকে অনুমতি দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার কেন এমন অবস্থান নিয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।
ক্রিকেট অঙ্গনে ধারণা করা হচ্ছে, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই মূলত এমন অবস্থান নেয় পাকিস্তান। নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ আইসিসি নাকচ করায় বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়।
বিশ্লেষকদের মতে, পিসিবি জানে ভারত–পাকিস্তান ম্যাচ না হলে আইসিসি বড় অঙ্কের সম্প্রচার রাজস্ব হারাতে পারে। সেই আর্থিক চাপকেই কাজে লাগাতে চাইছে পাকিস্তান। বর্তমানে আইসিসির রাজস্ব বণ্টনে পাকিস্তান চতুর্থ সর্বোচ্চ আয়কারী বোর্ড।
হ্যান্ডশেক প্রটোকল নিয়ে তৃতীয় দাবি এসেছে ২০২৫ এশিয়া কাপের প্রেক্ষাপটে। পেহেলগাম হামলার পর পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনে বিরত ছিল ভারত, যা নিয়েই এখন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
