সোমবার, মার্চ ২, ২০২৬

বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে স্মিথ টিকে থাকাই যখন প্রশ্নের মুখে, সাবেক নেতাকে ফিরিয়ে আনল দলটা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:৪১ pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে পাল্লেকেলেতে আজ মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চোট জর্জরিত দলটি শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে বড় সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপের স্কোয়াডে সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে দলে যুক্ত করেছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা জস হ্যাজলউডের ইনজুরি কাটিয়ে উঠার অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় আজ আইসিসির অনুমতি সাপেক্ষে স্মিথকে বিশ্বকাপের দলে যুক্ত করেছে তারা।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করতে হলে ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হয়। অনুমোদন পাওয়ার পরই বদলি খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যুক্ত করা যায়। আজ আইসিসির তরফ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে সেই অনুমোদনের কথা জানানো হয়।

স্মিথের অস্ট্রেলিয়া দলে যুক্ত হওয়া নিয়ে নির্বাচক টনি ডোডেমাইড বলেন, ‘আইসিসির নিয়ম অনুযায়ী, স্কোয়াডে যেকোনো পরিবর্তন ম্যাচের অন্তত এক দিন আগে জমা ও কার্যকর করতে হয়। স্টিভ এখানে আছে, আর মিচ ও মার্কাস স্টয়নিসকে ঘিরে কিছু অনিশ্চয়তা রয়েছে। তাই প্রয়োজনে ম্যাচের আগেই তাকে নির্বাচনের জন্য প্রস্তুত রাখা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।’

আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হারের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে ট্রাভিস হেডরা। ২ ম্যাচ থেকে ১ জয় নিয়ে পয়েন্ট তালিকায় বর্তমানে তিন নম্বর স্থানে আছে অস্ট্রেলিয়া।