সোমবার, মার্চ ২, ২০২৬

ফারহান ১০০ নট আউট, নামিবিয়া ৯৭ অল আউট, সুপার এইটে পাকিস্তান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৮:১৪ pm

বাঁচা-মরার ম্যাচ। হতে পারে যেকোনো কিছু। এমন ম্যাচে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও অনেক সময় স্নায়ুচাপ ধরে রাখা কঠিন হয়ে যায়।

তবে পাকিস্তানের ক্ষেত্রে তেমন কিছু হলো না।

সব শঙ্কা উড়িয়ে নামিবিয়ার বিপক্ষে ১০২ রানের বিশাল জয়ে শেষ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে উঠে গেল সালমান আলী আগার দল। আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে শোচনীয় পরাজয়ের ধাক্কা ভালোভাবেই কাটিয়ে উঠল তারা।নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে রানের হিসেবে এখন এটাই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। আগের রেকর্ডটি ছিল ২০০৯ আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮২ রানের জয়।

লক্ষ্য তাড়ায় ফারহানের রানটুকুও করতে পারেনি নামিবিয়া।

পাকিস্তানের দুই স্পিনার শাদাব খান ও উসমান তারিকের ঘূর্ণিতে আফ্রিকার দলটি মাত্র ৯৭ রানে গুটিয়ে গেছে।ওপেনার লরেন স্টিনক্যাম্প ও মিডল অর্ডার ব্যাটার আলেক্সান্দার ভলশেঙ্ক ছাড়া নামিবিয়ার আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

প্রত্যাশিতভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাহিবজাদা ফারহানের হাতে।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৯৯/৩ (ফারহান ১০০*, সালমান ৩৮, শাদাব ৩৬*; ব্রাসেল ২/৪৮, এরাসমাস ১/২৫)।
নামিবিয়া: ১৭.৩ ওভারে ৯৭ অল আউট (স্টিনক্যাম্প ২৩, ভলশেঙ্ক ২০; তারিক ৪/১৬, শাদাব ৩/১৯, মির্জা ১/১১, নেওয়াজ ১/২২)।

ফল: পাকিস্তান ১০২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাহিবজাদা ফারহান (পাকিস্তান)।