এপ্রিল ১১, ২০২৬ ১:১৯ pm
সবশেষ সিরিজে ৩ ম্যাচে মোট রান ৫২। ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ফিফটি ১টি। তবে সাইফ হাসানের ওপর এখনই ভরসা হারাচ্ছেন না নির্বাচকরা। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে রাখা হয়েছে এই ব্যাটসম্যানকে।
তিন ম্যাচের সিরিজটির প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করা হয় শনিবার দুপুরে। হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেলের গড়া প্রথম দল এটিই। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচকের সঙ্গে ছিলেন অন্য তিন নির্বাচক হাসিবুল হোসেন, নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরিও।
সবশেষ সিরিজে পাকিস্তানকে হারানো স্কোয়াডই অপরিবর্তিত রাখা হয়েছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত থাকা মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন ও তানজিদ হোসেন ফিরে আসবেন এই সিরিজে খেলতে।
আগের সিরিজের দল থেকে কোনো পরিবর্তন না আনার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক।
“আমরা যখন দলটা দেখেছি, তখন মনে হয়েছে, গত সিরিজটায় আমরা সফল হয়েছিলাম। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু ক্রিকেটার হয়তো সুযোগ পায়নি একাদশে। কিছু ক্রিকেটার নতুন এসেছে। আমাদের পলিসি হচ্ছে, যখন কেউ আসবে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে, তারা খারাপ খেলেনি। আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই, যার জন্য আমরা এই সিরিজে দলে বদল আনিনি।”
দল নির্বাচনের ধারাবাহিকতা ধরে রাখা ও পর্যাপ্ত সুযোগ দেওয়ার নীতির এই কারণেই সাইফকে দলে রেখে দেওয়া হয়েছে, জানালেন হাবিবুল।
বাংলাদেশ যদিও পিএসএল থেকে ক্রিকেটারদের ফেরত আনছে, নিউ জিল্যান্ড বেছে নিয়েছে ভিন্ন পথ। আইপিএল ও পিএসএলে থাকা ক্রিকেটারদের বাইরে রেখে দ্বিতীয় বা তৃতীয় সারির দল পাঠাচ্ছে তারা। বাংলাদেশ কেন সেরা দল মাঠে নামাচ্ছে, সেটি তুলে ধরলেন প্রধান নির্বাচক।
“আমরা বিশ্বকাপের আগে কোনো বড় পরিবর্তন করতে চাই না। যদি কাউকে দেখতে হয়, তবে আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে দেখে নেব। বাংলাদেশ দলের প্রথম অগ্রাধিকার হচ্ছে ম্যাচ জেতা। জেতার জন্যই আমরা সেরা দলটি সাজাব। এর মধ্যে আমরা বিশ্বকাপের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছি। তবে জেতার মানসিকতা স্যাক্রিফাইস করে নয়।”
সিরিজটি খেলতে সোমবার বাংলাদেশে আসছে নিউ জিল্যান্ড দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে আগামী শুক্রবার, পরেরটি রোববার।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।