শনিবার, মে ৩০, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ জিতে রূপকথার সমাপ্তির স্বপ্ন গ্রিজমান

এপ্রিল ১৫, ২০২৬ ৩:৩৪ pm

আর মাত্র কটা দিন। এরপরই শেষ হবে আতলেতিকো মাদ্রিদে অঁতোয়ান গ্রিজমানর পথচলা। থেমে যাবে ইউরোপের ক্লাব ফুটবলে তার অধ্যায়ও। বিদায়ের আগে যদি ইউরোপের শ্রেষ্ঠত্বের অধরা স্বাদ পাওয়া যায়, এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে! বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল ওঠার পর সেই ফরাসি তারকার আশায় নতুন রঙ চড়েছে।।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার বার্সেলোনার কাছে ২-১ গোল হেরেছে আতলেতিকো। তবে আসল কাজ এগিয়ে রেখেছিল তারা প্রথম লেগে ২-০ গোলে জিতে। ৩-২ গোলের অগ্রগামিতায় শেষ চারে পৌঁছে গেছেন গ্রিজমানরাই।

শেষ বাঁশি বাজার পর অনেকটা সময় ধরে মাঠে উদযাপন করতে দেখা গেছে গ্রিজমানকে। সমর্থকদের সঙ্গে মেতে উঠেছেন তিনি আনন্দে।

ম্যাচের পর তার প্রতিক্রিয়াতেও ফুটে উঠেছে তা।

“আমি খুবই খুশি…।”

“ম্যাচ শেষ হওয়ার পরও অনেকক্ষণ মাঠেই ছিলাম তাদেরকে (সমর্থকদের) সঙ্গ দিতে, শুধু গানগুলো আর চমৎকার পরিবেশটা উপভোগ করছিলাম। এবার আরও এগিয়ে যাওয়ার পালা…।”

৯ বছর পর এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠতে পারল আতলেতিকা। রেয়াল সোসিয়েদাত থেকে ২০১৪ সালে এই ক্লাবে পা রাখেন গ্রিজমান। এরপর একবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলেও হেরে যায় দল। ২০১৯ সালে তিনি পাড়ি জমান বার্সেলোনায়। সেখানে থাকার সময়ও আবার ধারে ফিরে আসেন আতলেতিকোয়। ২০২২ সালে আবার পাকপাকিভাবে ফেরেন পুরোনো ডেরায়।

সেই বন্ধনই এবার ছিন্ন হবে। ৩৫ বছর বয়সী তারকা আগেই ঘোষণা দিয়েছেন, এই মৌসুম শেষে যোগ দেবেন মেজর লিগ সকারের দল অরল্যান্ডো সিটিতে।

আতলেতিকোয় দীর্ঘ পথচলায় তিনি হয়ে উঠেছেন ক্লাবটির অবিচ্ছেদ্য অংশ। ২১১ গোল করে ক্লাবের ইতিহাসের সফলতম গোলস্কোরার তিনি, অ্যাসিস্ট করেছেন আরও ৯৭ গোলে।

কিন্তু ফ্রান্সের হয়ে বিশ্বকাপ শিরোপাজয়ী তারকা আতলেতিকার হয়ে কখনও জিততে পারেননি লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ। এবারও লা লিগা জয়ের কোনো আশা তাদের নেই। তবে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা প্রবলভাবেই জিইয়ে উঠেছে বার্সেলোনাকে বিদায় করার পর।

সামনে এগিয়ে যাওয়ার পালায় তাদের প্রতিপক্ষ আর্সেনাল কিংবা স্পোর্তিং। তবে সম্ভাব্য প্রতিপক্ষ না ভেবে গ্রিজমান উচ্ছ্বসিত বার্সেলোনাকে হারানোর সাফল্যে।

“যতক্ষণ আমরা লড়াইয়ে টিকে আছি এবং একেবারে শেষ পর্যন্ত সেরা ফর্মে আছি, ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ নয় যে আমরা কার মুখোমুখি হচ্ছি। বার্সেলোনার মতো শীর্ষ দল, যারা সত্যিই খুব ভালো খেলে, তাদের বিপক্ষে দারুণ একটি ম্যাচ ছিল এটি, খুব কঠিনও ছিল। অনেক লড়াই করতে হয়েছে আমাদের, তবে ভালো ব্যাপার যে আমরা টিকে আছি।”

চ্যাম্পিয়ন্স লিগের আগেই অবশ্য আরেকটি ট্রফির স্বাদ পেতে পারেন গ্রিজমানরা। শনিবার কোপা দেল রের ফাইনালে তাদের প্রতিপক্ষ তার শৈশবের ক্লাব রেয়াল সোসিয়েদাদ।

২০১৩ সালের পর এই ট্রফিও আর জিততে পারেনি আতলেতিকো। গ্রিজমানের আশা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে দারুণভাবে শেষ করতে পারবেন তিনি।

“দারুণ একটি ম্যাচ হতে চলেছে (কোপা দেল রে ফাইনাল), বেশ কঠিনও হবে। আপাতত আমাদের কিছুটা বিশ্রাম নিতে হবে এবং এরপর শনিবারের কথা ভাবতে হবে।”

“কী দারুণ এক অনুভূতি! আমি আশা করি এই মৌসুমে আমার সতীর্থদের সুন্দর কিছু, ঐতিহাসিক কিছু অর্জন করতে সহায়তা করতে পারব। আমাদের সমর্থকদের এটা প্রাপ্য।”