শনিবার, এপ্রিল ৪, ২০২৬

চীনকে নিয়ে কিরণের মন্তব্যকে ‘ননসেন্স’ বললেন বাটলার

মার্চ ৫, ২০২৬ ১২:২৬ pm

এশিয়ান কাপের মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ ও বাফুফে কর্মকর্তার মধ্যকার তিক্ততা। শক্তিশালী চীন দলের শক্তিমত্তা নিয়ে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের করা মন্তব্যকে সরাসরি ‘ননসেন্স’ ও ‘অসম্মানজনক’ বলে উড়িয়ে দিয়েছেন প্রধান কোচ পিটার বাটলার।

সিডনিতে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ব্রিটিশ কোচ বাটলার তার ক্ষোভ উগড়ে দেন। এর আগে কিরণ দাবি করেছিলেন, চীন দলটি বর্তমানে ‘বয়সের ভারে নুয়ে পড়েছে’ এবং ফর্মে নেই—যার প্রমাণ চীনের কাছে বাংলাদেশের ২-০ গোলে হার।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বাটলার কঠোর ভাষায় বলেন, ‘এটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং চরম ননসেন্স। বাফুফের একজন সদস্যের হয়ে প্রতিপক্ষ দলের প্রতি এমন অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল। আমাদের নিজেদের খেলোয়াড়দের পাশাপাশি প্রতিপক্ষকেও সম্মান করতে হবে।’

প্রতিপক্ষের মান বোঝাতে গিয়ে বাটলার আরও যোগ করেন, ‘তারা (চীন) নাসরিন স্পোর্টিং ক্লাব বা ফরাশগঞ্জে খেলে না।

তাদের খেলোয়াড়রা পিএসজি, ফরাসি লিগ কিংবা চাইনিজ সুপার লিগের মতো বড় জায়গায় খেলে। এমন মন্তব্য তার (কিরণ) পক্ষ থেকে দায়িত্বজ্ঞানহীন ছিল, যদিও আমি তার কাছ থেকে এটাই প্রত্যাশা করি।’মাঠের বাইরের এই বিতর্কের মধ্যেই আগামীকাল শুক্রবার সকাল ৮টায় (বাংলাদেশ সময়) শক্তিশালী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়াকু ফুটবল উপহার দেওয়ার পর সাবিনা-মারিয়াদের লক্ষ্য এখন সিডনির মাঠে কিউইদের বিপক্ষে ভালো কিছু করা।