এপ্রিল ২১, ২০২৬ ১১:২৮ am
খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে এবং ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চালু করা ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচির দ্বিতীয় ধাপে গত পরশু আরও ১৭১ জন খেলোয়াড় ক্রীড়া ভাতা ও কার্ড হাতে পেয়েছেন। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত মোট ৩০০ জন ক্রীড়াবিদ সরকারের এই বিশেষ সুবিধার আওতায় এলেন। পরশু দ্বিতীয় ধাপে ক্রীড়া ভাতা ও কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশ পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে গতকাল সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.আমিনুল হকের বাসায় গিয়ে নিজের ক্রীড়া কার্ড ও ভাতা গ্রহণ করেন জামাল। ক্রীড়া কার্ড হাতে পেয়ে জাতীয় দলের অধিনায়ক এটাকে ক্রীড়া কার্ড নয়, বললেন ‘আমিনুল কার্ড’!
২০১৩ সাল থেকে জাতীয় ফুটবল দলে খেলছেন জামাল ভূঁইয়া। এক যুগের বেশি সময় লাল-সবুজ জার্সিতে খেলছেন তিনি। এই সময়ে কখনো ফুটবলাররা সরকারের পক্ষ থেকে মাসিক আর্থিক সুবিধার আওতায় আসেননি। তাই ক্রীড়া ভাতা ও কার্ড পেয়ে জামাল ভূঁইয়া এটিকে আমিনুল কার্ড হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘এটি ক্রীড়া কার্ড সবাই বলছে। আমি বলব এটা আমিনুল কার্ড, কারণ আগে কখনো কেউ খেলোয়াড়দের জন্য এভাবে ভাবেননি ও করেননি, আমিনুল ভেবেছেন ও সকল খেলোয়াড়দের জন্য করেছেনও।’ আগামীকাল থেকে চীনের সানিয়াতে বসছে এশিয়ান বীচ গেমসের ষষ্ঠ আসর। এ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাল ঢাকা থেকে রওয়ানা হয়ে বর্তমানে চীনে অবস্থান করছেন। চীন যাত্রার আগে কাল সকালে নিজ বাসভবনে জামাল ভূঁইয়ার হাতে ক্রীড়া কার্ড ও ভাতার চেক তুলে দেন আমিনুল। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের ফুটবলে জামালের অবদান নিয়ে বলেন, ‘বাংলাদেশের ফুটবল দলে এখন বিশ্বের নানা প্রান্ত থেকে ফুটবলাররা খেলার আগ্রহ প্রকাশ করছে এবং খেলছেও। এটা প্রথম শুরু করেছিলেন জামাল। তাকে দেখে অনেকে এসেছে।’
বাংলাদেশের পুরুষ ফুটবলে বড় সাফল্য ২০০৩ সালের সাফ শিরোপা। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। চলতি বছর ঢাকায় আবার সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আমিনুল বলেন,‘সেপ্টেম্বরে সাফ আয়োজনে সরকারের সহযোগিতা থাকবে। ২০০৩ সালের পর আবার বাংলাদেশের শিরোপা উল্লাস দেখার প্রত্যাশা করছি।’ বাংলাদেশ দল মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় ছিল কোচ নিয়ে। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মেয়াদ শেষ। নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভালো মানের কোচের জন্য অর্থ প্রয়োজন। এ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে বাফুফে সভাপতির কথা হয়েছে। আমাদের সীমাবদ্ধতার মধ্যে ভালো একজন উঁচু মানের কোচ নিতে পারি। যার মাধ্যমে আমাদের জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা আরও ভালো খেলতে পারে।’
জামালের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের টিম অ্যাটেনডেন্ট মো. মহসিন। আমিনুল হক যখন ফুটবলার ছিলেন তখনও টিম অ্যাটেনডেন্ট ছিলেন এই মহসিন। বাংলাদেশ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ মহসিনের মতো ক্রীড়াঙ্গনের আরও অনেকের জন্যও কিছু করার ইচ্ছা রয়েছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।