কাটেনি আইনি জটিলতা, পাকিস্তান সিরিজেও নেই সাকিব
মার্চ ৫, ২০২৬ ১২:২৫ pm
বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানকে আবারও কবে দেখা যাবে—এই প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশায়। অনেক জল্পনা-কল্পনা চললেও আসন্ন পাকিস্তান সিরিজে বিশ্বসেরা এই অলরাউন্ডারের খেলার কোনো সম্ভাবনা নেই। ফলে ভক্তদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘায়িত হলো।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিবকে হঠাৎ করে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা নিয়ে নির্বাচকদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব ছিল।
বিশেষ করে, দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে না থাকায় তাকে সরাসরি আন্তর্জাতিক ম্যাচে নামানো কতটা যৌক্তিক হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও সাকিবের ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে চলমান মামলার আইনি জটিলতা। বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় তিনি এখনো দেশে ফেরেননি।সাকিবের আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের বলেন, ‘সাকিবের মামলার বিষয়ে কাজ চলছে।
বিসিবির পক্ষ থেকে নথিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এবং আমাদের লিগ্যাল টিম যৌথভাবে এটি নিয়ে কাজ করছে।’তবে জটিলতা থাকলেও সাকিবকে দ্রুত ক্রিকেটে ফেরানোর ব্যাপারে আশাবাদী বিসিবি। আসিফ আকবর আরও যোগ করেন, ‘আমরা খুব আশাবাদী যে দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পারব।
সারা বাংলাদেশের মতো আমরাও সেই অপেক্ষায় আছি।’উল্লেখ্য, আগামী ১১ মার্চ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।