সোমবার, মার্চ ২, ২০২৬

ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, বাকিরা কে কোথায়?

ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৬:০৩ pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি। নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরে যেমন আলোচনা চলছে, তেমনি কৌতূহল রয়েছে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন—সে বিষয়েও।

কেউ প্রচারণায় সরব, কেউ ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার বিদেশে অবস্থানের কারণে কেউ কেউ এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।

জানা গেছে, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা।

তিনি ঢাকা-১৭ আসনের ভোটার এবং আগের নির্বাচনে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া হচ্ছে না তার।অন্যদিকে চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে থাকায় তিনিও ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না।

এদিকে চিত্রনায়িকা সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা-১৯ আসনের ভোটার। অভিনেতা মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের, আর চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত।

সব মিলিয়ে এবারের নির্বাচনে শোবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও দেশের বাইরে অবস্থানের কারণে কয়েকজন জনপ্রিয় তারকা ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারছেন না।