সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১০:২৯ pm
ফরিদপুরে জন্ম নেওয়া রত্না সাহার সংগীতের সঙ্গে পরিচয় ছোটবেলাতেই। তাঁর মা পেশাদার শিল্পী না হলেও সংগীতের প্রতি ছিল গভীর ভালোবাসা। মায়ের কণ্ঠে ভজন, কীর্তনসহ নানা ভক্তিমূলক গান শুনতে শুনতেই সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয় রত্নার। মাকেই নিজের প্রথম সংগীতগুরু মনে করেন তিনি।
২০২৪ সালে ‘এ কেমন মায়া’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন রত্না সাহা। এরপর একক ও দ্বৈত—দুই ধরনের গানেই নিজের জায়গা তৈরি করেছেন তিনি। এ পর্যন্ত তার কণ্ঠে প্রকাশ পেয়েছে ৫৬টি মৌলিক গান। আকাশ সেন, কাজী শুভ ও মাহতিম শাকিবের মতো শিল্পীদের সঙ্গেও গান করেছেন তিনি।
তবে ‘ফেলে আসা’ রত্না সাহার সংগীতজীবনের সংখ্যার তালিকায় যুক্ত হওয়া নিছক আরেকটি গান নয়। এটি তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণের স্মৃতি, আর জুবিন গার্গের সঙ্গে তৈরি হওয়া এক বিশেষ সংগীত-অধ্যায়ের স্মারক। গানটি প্রকাশ পেয়েছে ‘রত্না সাহা’ ইউটিউব চ্যানেলে।