দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস টেলিফিল্মের ‘মানুষের বাগান’ ও ‘নীলপদ্ম’
এপ্রিল ৩০, ২০২৬ ১২:৫৮ pm
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা। দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ‘মানুষের বাগান’ ও ‘নীলপদ্ম’ প্রদর্শিত হবে ভারতের রাজধানীতে অনুষ্ঠিতব্য এই উৎসবে।
নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ সিনেমাটি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনচিত্র তুলে ধরেছে। ছবিটিতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ কুমার, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন ও অর্চিতা স্পর্শিয়া।
আগামী ৫ মে স্থানীয় সময় সকাল ১১টা ৫৩ মিনিটে সিনেমাটি প্রদর্শিত হবে। খুব শিগগিরই বাংলাদেশেও মুক্তির অপেক্ষায় রয়েছে এটি।অন্যদিকে তৌফিক এলাহী পরিচালিত ‘নীলপদ্ম’ চলচ্চিত্রটি দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, পরিচয় ও অধিকার নিয়ে নির্মিত একটি গভীর ও সংবেদনশীল গল্প। এতে অভিনয় করেছেন রুনা খান ও রাশেদ মামুন অপু, সঙ্গে রয়েছেন রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শহীদ আলী ও এ কে আজাদ সেতু।
সিনেমাটি প্রদর্শিত হবে ৬ মে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের চলচ্চিত্রের এই অগ্রযাত্রা নিঃসন্দেহে দেশের সিনেমা শিল্পের জন্য একটি গর্বের মুহূর্ত।