দরজা ভেঙে ভারতের কালজয়ী সংগীতশিল্পী রবি দে’র মরদেহ উদ্ধার
আগস্ট ১৯, ২০২৬ ১:২২ pm
ভারতের কালজয়ী সংগীতশিল্পী রবি দে মারা গেছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাতে নিজবাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর।জানা গেছে, দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী এলাকায় রবি দের বাড়ি থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। পরে তার পুলিশ কনট্রোল রুমে কল করে বিষয়টি জানান। এরপর এসে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে দেখে, বাড়ির প্রধান গেট ভেতর থেকে তালাবদ্ধ এবং লোহার তৈরি হওয়ায় ভেতরে প্রবেশের বিকল্প কোনো পথ নেই। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রায় তিন দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি তিন বছর ধরে সেখানে একাই বসবাস করছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে কোনো অন্তর্ঘাত বা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়নি। এ ঘটনায় ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং গেলো ১৬ আগস্ট ময়নাতদন্ত শেষে রবি দে’র মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তদন্তের সময় রবি দের দুই ছেলে তর্জ ও রঙ্গন পুলিশকে জানায়, বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে সেখানে একাই থাকতেন তিনি। কাজের ব্যস্ততার জন্য গত দুই-তিনদিন ধরে বাবার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি তারা।