লাইফ ও নন-লাইফ বীমা কর্মীদের অধিকার আদায়, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ স্বার্থ রক্ষা এবং দেশের বীমা খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (আইডিএবি)-র ১০ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে (২য় তলা) “আস্থার বীমা খাত, সমৃদ্ধির বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে এ আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিএবি-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা জনাব এম জি এম সজল।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কবি রেজাউদ্দিন স্টালিন। উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট ও সাবেক অতিরিক্ত সচিব (বস্ত্র ও পাট মন্ত্রণালয়) ড. শেখ মহঃ রেজাউল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত প্রতিদিন, দৈনিক অন্যধারা ও ডেইলি এশিয়া মেইলের সম্পাদক ও প্রকাশক কবি সৈয়দ নূরুল হুদা রনো; আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার, গীতিকার ও পরিচালক কাজী ফারুক বাবুল এবং দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করা এই সংগঠনটি হাটি হাটি পা পা করে ১০ বছরে পদার্পণ করলো। ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে দেশের বীমা খাতে কর্মরত বিভিন্ন শ্রেনী-পেশার কর্মী, কর্মকর্তা ও গুণী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।