অক্ষয়ের কারণে যে ‘ট্রমা’য় ছিলেন জ্যাকলিন
এপ্রিল ২৮, ২০২৬ ১:৩৫ pm
বলিউডে প্রায় পনেরো বছরের ক্যারিয়ার জ্যাকলিন ফার্নান্দেজের। এরমধ্যে সর্বাধিক ছয়টি ছবি করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে। পর্দার বাইরে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গল্পও প্রায়ই শোনা যায়।
তবে এক সময় অক্ষয়ের একটি মজার ঘটনায় বেশ ভয় পেয়ে গিয়েছিলেন জ্যাকলিন, যা তিনি নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
জ্যাকলিন জানান, তাঁর প্রথম আইটেম গান ‘ধান্নো’–এর শুটিংয়ের সময় ঘটনাটি ঘটে। সাজিদ খান পরিচালিত ‘হাউসফুল’ ছবির সেই গানের সেটে চারপাশে অনেক পুলিশ দেখে তিনি অবাক হয়ে যান। তখন তিনি অক্ষয়কে জিজ্ঞেস করেন, সেটে এত পুলিশ কেন?
জবাবে অক্ষয় বলেন, ‘ওরা তোমার জন্য এসেছে। শট শেষ হলেই তোমাকে থানায় নিয়ে যাবে!’
অক্ষয়ের এমন কথা শুনে সত্যিই ভয় পেয়ে যান জ্যাকলিন, রীতিমতো ট্রমায় চলে যাবার অবস্থা।
অভিনেত্রীর কথায়, ‘পুরো গানের শুটিং করেছি মনে ভয় নিয়ে। অনেকদিন পর্যন্ত ওই ভয়টা ছিল। শুধু ভাবছিলাম, আমি কী এমন দোষ করেছি?’পরে অবশ্য অক্ষয় কুমার বিষয়টি নিয়ে জ্যাকলিনের কাছে ক্ষমা চান। তাঁর মতে, কাজের পরিবেশে হাসিঠাট্টা থাকা ভালো, অতিরিক্ত গম্ভীর হয়ে থাকাটা স্বাস্থ্যের জন্যও ভালো নয়।