মার্চ ২, ২০২৬ ১২:২১ pm
স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে এমপি পদে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী হয়েছেন প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমান।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও প্রচার বিভাগের প্রধান মুহাম্মদ গোলাম কিবরিয়া।
তিনি বলেন, ‘মতামতের ভিত্তিতে এবং কেন্দ্রের পর্যালোচনায় প্রয়াত নুরুজ্জামান বাদল ভাইয়ের ছোট ভাই মো. মাসুদুর রহমানকে প্রার্থী করা হয়েছে। আমরা এখানে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে শতভাগ আশাবাদী। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী ও ভোটকর্মী উজ্জীবিত আছে।’
প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। এ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হক রুবেল।
গত ৩ ফেব্রুয়ারি কিডনি জটিলতায় মারা যান শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মো. নুরুজ্জামান বাদল। এরপরই আসনটির নির্বাচন কার্যক্রম বাতিল করে নির্বাচন কমিশন।