আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মামুনুল হককে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের আগেই প্রচারণামূলক লিফলেট বিতরণ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ আছে, গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকায় মাওলানা মামুনুল হক তাঁর অনুসারীদের নিয়ে শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন । ‘ঢাকা পোস্ট’ অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে বিষয়টি রিটার্নিং অফিসারের নজরে আসে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তিনি দলীয় কর্মীদের নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন এবং নিজ হাতে লিফলেট তুলে দেন।
নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৩ সপ্তাহের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো নিষিদ্ধ। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের দিন ধার্য করা হয়েছে।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও ১৮ অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগে লিফলেট বিতরণ করা সরাসরি আচরণবিধি লঙ্ঘন। তফসিল অনুযায়ী আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে, যার পরেই কেবল প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার (১৮৬ ঢাকা-১৩) মোঃ ইউনুচ আলী স্বাক্ষরিত এই নোটিশে মামুনুল হককে আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৫ ঘটিকার মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। বিধি লঙ্ঘনের দায়ে তাঁর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে কৈফিয়ত চাওয়া হয়েছে।
মাঠপর্যায়ে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন বলে ইসি সূত্রে জানানো হয়েছে ।
