মাদরাসার সরকারি বরাদ্দকৃত চাল নিয়ে যা বলছে জামায়াত
মে ১৭, ২০২৬ ১২:১৮ pm
নোয়াখালীর সুবর্ণচর ১নং চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সেক্রেটারি মুজাহিদুল আহমেদ বলেছেন, সম্প্রতি লক্ষ্মীপুরের রামগতির পোড়াগাছা ও পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েকটি মাদরাসার সরকারি বরাদ্দকৃত চাল নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১নং চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি, পল্লী চিকিৎসক আব্দুস সামাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে, যা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শনিবার (১৬ মে) এক প্রতিবাদ ও বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, প্রকৃত ঘটনা হলো, উক্ত চালসমূহ সম্পূর্ণ বৈধ প্রক্রিয়া, নিয়মনীতি ও প্রয়োজনীয় কাগজপত্র অনুসরণ করে মাদরাসা থেকে চাল ক্রয় করেছেন ডিলার আলী আজগর (স্বত্ত্বাধিকারী-স্মার্ট বাজার ডেলি শপ)। যে সকল মাদরাসা থেকে চাল ক্রয় করা হয়েছে, সেগুলো হলো-
* শিক্ষাগ্রাম দারুল উলুম ইসলামিয়া মাদরাসা
* আশরাফুল উলুম ইসলামিয়া নূরানী মাদরাসা
* ইখলাস নুরানী কওমী মাদরাসা
উক্ত লেনদেনের সকল বৈধ কাগজপত্র, রশিদ এবং প্রয়োজনীয় প্রমাণাদি যথাযথভাবে সংরক্ষিত রয়েছে। অথচ একটি কুচক্রী মহল রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে ৯নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আব্দুস সামাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাস্তবে ক্রয়-বিক্রয়ের সঙ্গে তাঁর প্রত্যেক্ষ ও পরোক্ষ কোনোভাবেই সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত ও দুঃখজনক।
এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ, যেখানে ব্যক্তিগতভাবে দায়ী না হয়েও রাজনৈতিক উদ্দেশ্যে একজন ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে, যা আমরা তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করবে এবং দোষীদের চিহ্নিত করবে। মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে সত্যকে কখনোই আড়াল করা যাবে না।
ইনশাআল্লাহ! সত্যেরই বিজয় হবে।