আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে জয়ের বিষয়ে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
প্রতিবেদনে তারেক রহমান বলেন, নির্বাচিত হয়ে দেশের ক্ষমতায় এলে তার দল কোনো ঐক্যের সরকার গঠন করবে না।
এর আগে, বিএনপির প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামী রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশকে স্থিতিশীল করতে আবারও জোট গঠনের আগ্রহ জানিয়েছিলেন। তবে এ প্রস্তাব সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করা সম্ভব নয় বলে সাক্ষাৎকারে সাফ জানান তারেক রহমান। বরং জামায়াত একটি গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
