জন্মদিনে ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান
মে ১০, ২০২৬ ১২:৩০ pm
জন্মদিনে সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান। তার জন্মের ৮ দশক উপলক্ষে গতকাল শনিবার (৯ মে) রাতে রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচার ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তার দীর্ঘদিনের সহযোদ্ধারা।
নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এই জন্মদিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে খালেকুজ্জামানকে ফুল ও উপহার দিয়ে বরণ করার পাশাপাশি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবণের স্মৃতিচারণ করেন বক্তারা।
বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং শ্রমিক-কৃষক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেকুজ্জামানের দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রগতিশীল রাজনীতির ধারাবাহিক সংগ্রামে তার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে বলে মন্তব্য করেন তারা। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিজয়ের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন অভিনেত্রী তৃষা
বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, রাজনীতির নানা ঘাত-প্রতিঘাতের প্রত্যক্ষ সাক্ষী খালেকুজ্জামান।
তিনি একজন কিংবদন্তি। নীতির প্রশ্নে আপসহীন অবস্থান এবং সাধারণ মানুষের অধিকারের পক্ষে তার অবস্থান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের সংকটকালে বামপন্থীদের ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মৌল চেতনা ও চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় ব্যবস্থা বদল তথা সাম্য সমাজ নির্মাণের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খালেকুজ্জামান।
এ সময় স্মৃতিচারণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন রাজা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লক্ষ্মীচক্রবর্তী, জাতীয় মুক্তি কাউন্সিলের সমন্বয়ক ফয়জুল হাকিম লালা, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ।
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, নিহত ১২
এ ছাড়া এসময় বক্তব্য দেন সাবেক সচিব আবু আলম শহীদ খান, সাংবাদিক আবু সাঈদ খান, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, সাংবাদিক মাসুদ কামাল, সাবেক ছাত্রনেতা নার্গিস বেগম মিনি, ক্যাবের উপদেষ্টা অধ্যাপক সামছুল আলম, এএলআরডি’র নির্বাহী পরিচালক সামছুল হুদা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক মুকুল, চারণের সহ-সভাপতি কামরুজ্জামান ভূইয়া, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাবেক নেতা অ্যাডভোকেট সুলতানা আকতার রুবী, সুইডেন প্রবাসী বামপন্থী সুহৃদ খোরশেদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে খালেকুজ্জামানের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন প্রকৌশলী শম্পা বসু। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শাহীনা সুলতানা, শাহীনা সুলতানা দীজু, লিপি আক্তারসহ চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। কবিতা আবৃত্তি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম।
আড্ডা, গান, স্মৃতিচারণ ও সমাজ বদলের এই অনুষ্ঠান কমিউনিস্ট ইন্টারন্যশনাল গেয়ে শেষ হয়।