মে ১১, ২০২৬ ১১:১৩ am
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে এবার ৬৪টি উপজেলা পরিষদ ও ৩৪টি পৌরসভা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার বিকালে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তাদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারেরও বেশি আবেদন জমা হয়েছিল। সেখান থেকে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করছি।
“আশা করছি, ঈদের আগেই এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আবার ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করব। এই নাম ঘোষণার প্রক্রিয়া চলতে থাকবে।”
এর আগে ২৯ মার্চ সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা দক্ষিণের প্রার্থী ঘোষণা করাসহ পাঁচটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম প্রকাশ করে এনসিপি।
সেদিন ঢাকা উত্তর, কুমিল্লা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল।
সেই ধারাবাহিকতায় এবার উপজেলা ও পৌরসভার জন্য ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল দলটি।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি প্রকাশ করার দাবি জানিয়েছেন।
কোন বিভাগে কত প্রার্থী
>> রংপুর বিভাগ – ১০ জন উপজেলা চেয়ারম্যান ও ৫ জন পৌর মেয়র
>> রাজশাহী বিভাগ – ৮ জন উপজেলা চেয়ারম্যান ও ৫ জন পৌর মেয়র
>> সিলেট বিভাগ – ৮ জন উপজেলা চেয়ারম্যান ও একজন পৌর মেয়র
>> ময়মনসিংহ বিভাগ – ৮ উপজেলা চেয়ারম্যান ও ৩ জন পৌর মেয়র
>> ঢাকা বিভাগ উত্তর – ৭ জন উপজেলা চেয়ারম্যান ও ৪ জন পৌর মেয়র
>> ঢাকা বিভাগ দক্ষিণ – ২ উপজেলা চেয়ারম্যান
>> ফরিদপুর সাংগঠনিক বিভাগ- একজন উপজেলা চেয়ারম্যান ও ৪ পৌর মেয়র
>> খুলনা বিভাগ – ৬ উপজেলা চেয়ারম্যান ও ৭ জন পৌর মেয়র
>> বরিশাল বিভাগ – ৫ উপজেলা চেয়ারম্যান ও ১ জন পৌর মেয়র
>> কুমিল্লা বিভাগ – ৬ উপজেলা চেয়ারম্যান ও ১ পৌর মেয়র
>> চট্টগ্রাম বিভাগ – ৫ উপজেলা চেয়ারম্যান ও ৪ পৌর মেয়র
চব্বিশের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্র নেতাদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপি গত সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেধে অংশ নিয়ে ছয়টি আসনে জয়লাভ করেছে।
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অন্যতম প্রধান শরিক হলেও দলটি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়ার কথা বলছে।
এ প্রসঙ্গে সারজিস বলেন, “স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে প্রস্তুতি নিচ্ছে। কারণ সব উপজেলায় ১১ দল মিলে একজন প্রার্থী বেছে নেওয়া কষ্টকর।”
তবে প্রার্থী নিয়ে আলোচনার সম্ভাবনার কথা অস্বীকার না করে তিনি বলেন, এরপরও যদি জোটের বিষয়টি নিয়ে কথা হয় তাহলে সেটি সেসময় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
“সারাদেশ থেকে এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের যারা পরিশ্রমী, গ্রহণযোগ্য, যারা মানুষের ওপর কখনো জুলুমের সঙ্গে সম্পৃক্ত ছিল না, যাদের সঙ্গে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের পর্যায়ে অপরাধের সম্পৃক্ততা ছিল না; তারা অন্য যেকোন রাজনৈতিক দলেরই হোক না কেন, এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
“সার্বিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল থেকে যদি কেউ আসতে চায়, তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।”