সোমবার, মার্চ ২, ২০২৬

রাসায়নিকমুক্ত পাকা পেঁপে চিনে নেবেন যেভাবে

জানুয়ারি ১৪, ২০২৬ ১১:৫৯ am

বাজারে উজ্জ্বল রং ও নিখুঁত আকৃতির পেঁপে দেখতে আকর্ষণীয় হলেও দ্রুত পাকাতে এর ভেতরে লুকিয়ে থাকতে পারে ক্ষতিকর রাসায়নিক। বিশেষজ্ঞদের মতে, এসব ফল নিয়মিত খেলে পেটের সমস্যা, বমি ভাব, মাথা ঘোরা এমনকি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে পেঁপে পাকাতে ক্যালসিয়াম কার্বাইডের মতো বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করা হয়। এই রাসায়নিক ফলকে দ্রুত পাকালেও এর স্বাভাবিক পুষ্টিগুণ নষ্ট করে দেয়।

পেঁপে কেনার আগে যেসব বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি

রং ও আকৃতি: প্রথমেই পেঁপের রং ও গঠনের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাসায়নিকভাবে পাকা পেঁপে সাধারণত খুব উজ্জ্বল হলুদ বা গাঢ় কমলা রঙের হয় এবং দেখতে প্রায় নিখুঁত লাগে। অন্যদিকে প্রাকৃতিকভাবে পাকা পেঁপেতে হালকা হলুদ, সবুজ ও কমলার মিশ্রণ থাকে এবং কোথাও কোথাও স্বাভাবিক দাগ দেখা যায়।

গন্ধ: পেঁপের গন্ধও একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। স্বাভাবিকভাবে পাকা পেঁপেতে হালকা মিষ্টি ও সতেজ গন্ধ থাকে। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো পেঁপেতে অনেক সময় কোনো ফলের গন্ধই পাওয়া যায় না, বরং অস্বাভাবিক বা কেমিক্যালের মতো গন্ধ অনুভূত হয়। অনেক সময় এই ধরনের পেঁপে কাটার পরও তার স্বাভাবিক মিষ্টি গন্ধ পাওয়া যায় না।

ছুঁয়ে বোঝার উপায়: এছাড়া পেঁপে হাতে নিয়ে আলতো করে চাপ দিলে বোঝা যায় ভেতরের অবস্থা। রাসায়নিক পেঁপে বাইরে থেকে অতিরিক্ত নরম হয় এবং চাপ দিলে আঙুলের দাগ বসে যায়। স্বাভাবিক পেঁপে তুলনামূলক শক্ত থাকে এবং চাপের পর আবার আগের অবস্থায় ফিরে আসে।

স্বাদ: স্বাদও পেঁপে শনাক্ত করার একটি বড় উপায়। প্রাকৃতিক পেঁপে খেতে মিষ্টি ও রসালো হয়। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো পেঁপে অনেক সময় তিক্ত বা অস্বাভাবিক স্বাদের হয়। প্রথম কামড়েই যদি জিভে অস্বস্তি লাগে বা স্বাদ ঠিক না মনে হয়, তাহলে সেই পেঁপে না খাওয়াই ভালো।

বর্তমানে ভেজাল ফল একটি বড় স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই শুধু দাম বা রং দেখে ফল কেনার পরিবর্তে একটু সচেতন হওয়াই সবচেয়ে ভালো উপায়। সম্ভব হলে মৌসুমি ফল কিনুন, খুব বেশি চকচকে বা অস্বাভাবিক রঙের ফল এড়িয়ে চলুন এবং বাড়িতে এনে ফল ভালো করে ধুয়ে নিন।