শনিবার, মে ৩০, ২০২৬

রাতে বাইরে খাওয়া হতে পারে মানসিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক

মে ৪, ২০২৬ ১:৩০ pm

কাজের চাপে, তাড়াহুড়োর মধ্যে অফিসে কিংবা নানান যন্ত্রের সামনে বসে খাওয়ার ফলে খাবারের দিকে মনযোগ তেমন ভাবে দেওয়া হয় না।

ফলে খাবার শুধু শরীরের চাহিদা পূরণের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। মনের প্রশান্তি বা অনুভূতির সংযোগ সেখানে তেমন জায়গা পায় না।

অথচ সপ্তাহে অন্তত একদিন বাইরে বসে রাতের খাবার খাওয়ার অভ্যাস মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

প্রকৃতির সংস্পর্শে মনের পরিবর্তন

যুক্তরাষ্ট্রভিত্তিক মনোবিজ্ঞানী ক্লোই বিন রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “বাইরে বসে খাবার খাওয়া মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের জন্য পুনর্গঠন প্রক্রিয়া তৈরি করে। সারাদিন ঘরের ভেতর কৃত্রিম আলো, যন্ত্রের শব্দ ও মানসিক চাপের মধ্যে থাকার ফলে মস্তিষ্ক একধরনের অতিরিক্ত উত্তেজনার মধ্যে থাকে। বাইরে প্রকৃতির মধ্যে গেলে এই চাপ কমতে শুরু করে এবং মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত অবস্থায় ফিরে আসে।”

প্রকৃতির বাতাস ও খোলা পরিবেশ শরীরকে সংকেত দেয় যে এখন আর কাজের সময় নয়, বরং বিশ্রামের সময়।

এই পরিবর্তন খুব সূক্ষ্ম হলেও, প্রভাব ইতিবচক। ফলে মানসিকভাবে হালকা অনুভব করা যায় এবং নিজের ভেতরের সঙ্গে সংযোগ তৈরি হয়।

মনের ক্লান্তি কমানোর উপায়

আরেক মার্কিন মনোবিজ্ঞানী অ্যামি মরিন বলেন, “সারাদিন কাজের পর মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্তি শুধু শারীরিক নয়, মানসিকও। বাইরে বসে খাবার খাওয়ার সময় প্রকৃতির রং, শব্দ ও গন্ধ মস্তিষ্ককে নতুন ধরনের অনুভূতি দেয়, যা ক্লান্তি দূর করতে সাহায্য করে।”

তিনি ব্যাখ্যা করেন, “প্রকৃতির দৃশ্যগুলো মস্তিষ্ককে এমনভাবে সক্রিয় করে, যেখানে অতিরিক্ত মনোযোগের প্রয়োজন হয় না। ফলে মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বিশ্রাম পায় এবং পুনরায় শক্তি সঞ্চয় করতে পারে।”

তাই অল্প সময়ের জন্য হলেও বাইরে বসে খাবার খাওয়া মানসিক পুনরুজ্জীবনের কাজ করে।

চাপ কমাতে সহায়ক অভ্যাস

দিনের শেষে শরীরে চাপের হরমোনের মাত্রা বেড়ে যায়। বাইরে প্রকৃতির মধ্যে গেলে শরীরের সেই অংশ সক্রিয় হয়, যা বিশ্রাম ও স্বস্তির জন্য দায়ী। ফলে ধীরে ধীরে চাপ কমে এবং মন শান্ত হতে শুরু করে।

বাইরে খাবার খাওয়ার সময় যখন কাজের পরিবেশ থেকে দূরে যাওয়া হয় তখন মস্তিষ্ক বুঝতে পারে যে এখন আর দৌড়ানোর প্রয়োজন নেই।

“এই উপলব্ধি শরীরকে শিথিল করে এবং গভীর শ্বাস নিতেও সহায়তা করে। ফলে মানসিকভাবে আরও স্থির ও শান্ত অনুভব হয়” মন্তব্য করেন মরিন।

বর্তমান মুহূর্তে থাকার সুযোগ

অনেকেই অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে বর্তমানকে উপেক্ষা করেন। তবে বাইরে বসে খাবার খাওয়ার সময় স্বাভাবিকভাবেই চারপাশের পরিবেশের প্রতি মনোযোগী হয়ে ওঠা যায়। বাতাসের স্পর্শ, গাছের দোলা ইন্দ্রিয়কে সক্রিয় করে।

আর এই অভিজ্ঞতা বর্তমান মুহূর্তে থাকতে সাহায্য করে।

ক্লোই বলেন, “আলাদা করে কোনো অনুশীলন না করেও নিজের মধ্যে সচেতনতা তৈরি করা যায়। এটি শরীর ও মনের মধ্যে সংযোগ তৈরি করারও একটি সহজ উপায়।”

সম্পর্ক গভীর করার সুযোগ

একসঙ্গে বাইরে বসে খাবার খাওয়া শুধু ব্যক্তিগত নয়, সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। বাইরে পরিবেশে বসলে কথোপকথন স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। ঘরের ভেতরের মতো বিভ্রান্তি বা মনোযোগ নষ্ট করার উপকরণ সেখানে কম থাকে।

শান্ত পরিবেশে একসঙ্গে সময় কাটানো নিরাপত্তা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ায়। ফলে সম্পর্ক আরও গভীর হয়। বন্ধু বা পরিবারের সঙ্গে এমন সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।

এই অভ্যাস গড়ে তোলার উপায়

“এই অভ্যাস শুরু করতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। সপ্তাহে একটি নির্দিষ্ট দিন ঠিক করে নেওয়া যেতে পারে। এতে সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা কমে এবং ধীরে ধীরে এটি একটি নিয়মে পরিণত হয়”- পরামর্শ দেন ক্লোই বিন।

সহজ খাবার দিয়ে শুরু করা ভালো। যেমন- হালকা খাবার বা সহজে বহনযোগ্য খাবার বাইরে নেওয়া যেতে পারে।

বাড়ির ছাদ, বারান্দা বা কাছের কোনো খোলা জায়গাও হতে পারে এই অভ্যাসের জন্য উপযুক্ত স্থান।