বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সকাল ১০টার দিকে নাফ নদে এ মাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. হানিফ। তিনি টেকনাফের হোয়াইক্যং লম্বা বিল এলাকার ফজল করিমের ছেলে। মাইন বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীযরা জানান, মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হানিফের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। হানিফ ওই এলাকায় একটি মাছের প্রজেক্টে কাজ করতেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, মূলত নাফ নদীতে মাছের ঘেরে কাজ করার সময় যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। নাফ নদ ও আশপাশের এলাকায় এখনো মাইন বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।
গত বছরের ১২ অক্টোবর সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের রেজুআমতলী এলাকার টহল দেওয়ার সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পেতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন আক্তার হোসেন নামের এক বিজিবি সদস্য। ১৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
