বন্দরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবা নিহত
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১২:৫৭ pm
নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুলাল (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার পশ্চিম কেওঢালা এলাকায়। নিহত দুলাল ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
নিহতের ছেলে ওসমান গনি জানান, বাড়ির সীমানা প্রাচীর বেয়ে সাজিত নামের এক কিশোর এসে তাকে পিঠে থাপ্পড় দেয়।
ওসমানও দুষ্টুমি করে পাল্টা থাপ্পড় দিলে, সাজিত তার পরিবারকে মারধরের কথা জানায়। এরপর সাজিতের পরিবারের লোকজন ওসমানকে মারধর করলে, ছেলেকে বাঁচাতে গিয়ে দুলালকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ পুলিশ ফাঁড়িতে নিলে, অবস্থা অবনতি হওয়ায় বন্দরের স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে দুলাল আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।