সোমবার, মার্চ ২, ২০২৬

নদী খননে পাওয়া মাথার খুলি নিয়ে গেল পুলিশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৪:২৯ pm

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নরসুন্দা নদী পুনঃখননের সময় মাটির ভেতর থেকে বেরিয়ে আসে মানুষের মাথার খুলি। তিন দিন পর সেই মাথার খুলি আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) উদ্ধার করে নিয়ে গেল পুলিশ। সেটি পাঠানো হবে ফরেন্সিক বিভাগে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে নরসুন্দা নদীর পুনঃখনন কাজ শুরু করা হয়।

এ অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে ঝাউগড়া এলাকায় এক্সকেভেটর দিয়ে খনন করার সময় মানুষের একটি হাড় ও মাথার খুলি বেরিয়ে আসে। এ খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে, সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। পরে স্থানীয় এক ব্যক্তি দ্বীন ইসলাম মাথার খুলিটি নিজের হেফাজতে নিয়ে নেন। এ নিয়ে গতকাল শনিবার কালের কণ্ঠের অনলাইনে ‘নদী খননে বেরিয়ে এল মানুষের মাথার খুলি, শিরোনামে’ সংবাদ প্রকাশ হলে আজ রবিবার সকালে ওই বাড়িতে গিয়ে দ্বীন ইসলামের কাছ থেকে মাথার খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।দ্বীন ইসলাম বলেন, নিজের বাড়ির সামনে নদীর মাটি কাটার সময় মানুষের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পাওয়া যায়। তবে হাড়গোড়গুলো ছোট ছোট শিশুরা হাতে নিয়ে অন্যত্র ফেলে দিলেও মাথার খুলিটি তিনি সংরক্ষণে রেখেছেন। 
আব্দুল জলিল নামের এক বৃদ্ধ বলেন, দুর্বৃত্তরা হয়তো কোনো মানুষকে হত্যার পর নদীর পাড়ে লাশ পুঁতে রেখেছিল, অথবা মুক্তিযুদ্ধের সময় কঙ্কালগুলো পানিতে ফেলে দেওয়া হয়েছিল। তবে ওপরের পাটিতে যে দাঁত রয়েছে, তা এখনো আটকে আছে।দাঁতগুলো ছোট। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমীন কালের কণ্ঠকে বলেন, মাথার খুলিটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ফরেন্সিক বিভাগে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।