নগরকান্দায় বাস-ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে আহত ৬
মে ৩, ২০২৬ ৫:১৩ pm
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৩ মে) দুপুরে উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে নগরকান্দা বাজার থেকে যাত্রী নিয়ে একটি ইজি বাইক ঝাটুরদিয়া সরু রাস্তা দিয়ে মহাসড়কে উঠতে গেলে ঢাকাগামী হামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ইজি বাইকটি দুমড়েমুচড়ে যায়। এতে ইজি বাইকে থাকা অন্তত ৬ জন যাত্রী আহত হয়।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, দুর্ঘটনায় দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশ কাজ করছে।তবে এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য মাদারীপুর রিজওয়ান হাইওয়ে থানার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।