উল্লাপাড়ায় ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
এপ্রিল ২৮, ২০২৬ ১২:৫৪ pm
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চোরাই পথে পাচারের সময় ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালিয়ে এ ডিজেল জব্দ করা হয়। পরে অভিযুক্ত ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
অর্থদণ্ডপ্রাপ্ত শাহজালাল সবুজ (৪২) শাহজাদপুর উপজেলার নোকালী গ্রামের মৃত শাহজাহান সিরাজের ছেলে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ‘একটি মিনি ট্রাকে ডিজেল বোঝাই করে শাহজাদপুর থেকে নাটোরে পাচার করা হচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সহায়তায় ড্রাম ভর্তি ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় তারা ডিজেল ক্রয় ও পরিবহনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে ভ্রাম্যমাণ আদালতে ডিজেলের মালিক শাহ জালাল সবুজকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরো বলেন, শাহজালাল সবুজ তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ ডিজেল স্থানীয় তেল পাম্পে বিক্রির পর প্রাপ্ত টাকা কোষাগারে জমার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।