মার্চ ২৫, ২০২৬ ২:২৬ pm
কৃত্রিম সংকট তৈরি না করতে অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুত করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার সকালে সচিবালয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুত করা থেকে বিরত থাকুন। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এখন পর্যন্ত কোনো জ্বালানি পণ্যের দাম বাড়েনি। জ্বালানি নিয়ে সোশ্যাল মিডিয়াতে আতঙ্ক ছড়ানো হচ্ছে, এ বিষয়ে সবার সচেতনতা কাম্য।
মন্ত্রী বলেন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষায় সরকার ১ মাসের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি পাইলট প্রজেক্ট চালু করা করেছে। এছাড়া প্রান্তিক কৃষকদের সুবিধার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
তিনি জানান, এ ছাড়া কৃষকদের সরাসরি সার, বীজ ও ঋণ সহায়তা দিতে স্মার্ট কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইমাম-মুয়াজ্জিন ভাতা চালু করা হয়েছে।