ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৮:২৩ pm
২০২৬ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত সরকারের কোষাগারে এই বন্দর থেকে জমা পড়েছে এক হাজার ৮৩৬ কোটি টাকার বেশি রাজস্ব। সংখ্যাটি দেখলে সাফল্যের গল্পই চোখে পড়ে।
শুরুর দিকে পায়রা বন্দরের মূল লক্ষ্য ছিল আমদানি কার্যক্রম সচল রাখা।
সংবেদনশীল জায়গায় সরকারি নাম
সবচেয়ে আলোচিত এবং সংবেদনশীল বিষয়টি হলো সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বকেয়া। বন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, কিছু সরকারি সংস্থার আমদানি করা পণ্যের লেভি দীর্ঘদিন ধরে পরিশোধ হয়নি। ‘রাষ্ট্রীয় স্বার্থ’ ও ‘নীতিগত সিদ্ধান্ত’-এর যুক্তিতে এসব ক্ষেত্রে আদায়ে কঠোরতা দেখানো হয়নি। এতে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের আচরণে বৈষম্য তৈরি হয়েছে কিনা, সেই প্রশ্নও উঠছে।
তবে এত বড় অঙ্কের বকেয়া থাকা সত্ত্বেও কোনো প্রতিষ্ঠানভিত্তিক তালিকা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। কর্মকর্তাদের ভাষ্য, অনেক বিষয় এখনও নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে। নির্দিষ্ট নাম প্রকাশ করলে মামলা ও চুক্তিগত জটিলতা বাড়তে পারে- এই যুক্তিতেই নীরবতা।
ব্যবস্থাপনার ফাঁকফোকর
অভ্যন্তরীণ নথি পর্যালোচনায় দেখা যায়, কোথাও সময়মতো বিল উত্থাপন হয়নি, আবার কোথাও ফলোআপ ছিল দুর্বল। বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আর লেভি এক জিনিস নয়। রাজস্ব যায় জাতীয় কোষাগারে, আর লেভির অর্থ দিয়ে চলে বন্দরের দৈনন্দিন পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন। এই অর্থ সময়মতো না এলে বন্দরের স্বনির্ভরতা বাধাগ্রস্ত হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সাবেক কর্মকর্তা বলেন, লেভি আদায়ে শিথিলতা মানে ভবিষ্যৎ বিনিয়োগ ঝুঁকির মুখে ফেলা। এখনই শক্ত অবস্থান না নিলে বকেয়ার অঙ্ক আরও ফুলে উঠবে।
কর্তৃপক্ষের আশ্বাস
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি খুদে বার্তার জবাব দেননি। এমনকি পুরো বিষয়টি নিয়ে চেয়ারম্যানের একান্ত সচিব মু. আহসান হাবীবের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছিলেন, চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ হলে জানাবেন। তারপর পায়রা বন্দরের পরিচালকের (অর্থ) অতিরিক্ত দায়িত্বে থাকা মো. মাহবুবুর রহমান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তাতে সাড়া দেননি তিনি।
পায়রা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, বকেয়া লেভি আদায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে নোটিশ দেওয়া হচ্ছে এবং নতুন টার্মিনাল চালুর আগেই বড় অংশ আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে ৬৫২ কোটি টাকার বকেয়ার বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।