জানুয়ারি ১৪, ২০২৬ ৩:৫৬ pm
মূলধন ঘাটতি থেকে বেরিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। খেলাপি ঋণ কমিয়ে আনতেও কাজ করছে ব্যাংকটি। তিন বছরের মধ্যে খেলাপি ঋণও এক অঙ্কের ঘরে নেমে আসবে বলে মনে করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শওকত আলী খান বলেন, ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৮ হাজার ১৭ কোটি টাকা। ব্যাংকের বর্তমান আমানত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮৭৯ কোটি টাকা। এর বিপরীতে ঋণ বিতরণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৭২৩ কোটি টাকা।
উল্লেখ্য, গত বছর ব্যাংকটি খেলাপি ঋণ থেকে নগদ আদায় করেছে ১ হাজার ২০৩ কোটি টাকা। তবে ব্যাংকটির রাষ্ট্রায়াত্ত্ব তিন প্রতিষ্ঠানের কাছেই পাওনা প্রায় ১৫ হাজার কোটি টাকা।
খেলাপি ঋণ আদায় প্রসঙ্গে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘শীর্ষ খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের প্রক্রিয়া কিন্তু চলমান আছে। প্রত্যেক খেলাপির সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা হয়। পাশাপাশি যেখানে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেখানে আইনগত ব্যবস্থা নেই।’
এসময় তিনি আরও জানান, শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে ৭৪৫ কোটি টাকা আদায় করা হয়েছে। এছাড়া হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় এখন পর্যন্ত ৩০০ কোটি টাকা আদায় করেছে সোনালী ব্যাংক। বাকি টাকা আদায়ে হলমার্ক গ্রুপের বন্ধকি সম্পত্তি নিলামে তোলার প্রক্রিয়া চলছে।