বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

বিএসইসির নামে বক্তব্য প্রচারে সতর্কতা

আগস্ট ১৯, ২০২৬ ১:০৯ pm

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নামে বক্তব্য প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কমিশন। বিশেষ করে চেয়ারম্যান কোনো সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার বা বক্তব্য না দিলে তার নামে কোনো বক্তব্য প্রকাশ করা বিভ্রান্তিকর হতে পারে বলে জানিয়েছে বিএসইসি।

বুধবার (১৯ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে ‘কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বিএসইসি চেয়ারম্যানের নামে পুঁজিবাজারে কারসাজি, অনিয়ম, জরিমানা, ফৌজদারি মামলা, ব্রোকারেজ হাউস, ডাইরেক্ট লিস্টিং, বন্ড মার্কেট ও প্রযুক্তিনির্ভর নজরদারিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে বিএসইসি জানিয়েছে, যেসব সংবাদমাধ্যমকে চেয়ারম্যান কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেননি, সেসব মাধ্যমে তার নামে প্রকাশিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে গণ্য করার সুযোগ নেই।

সংবাদমাধ্যমের নিজস্বভাবে প্রস্তুত বা উপস্থাপিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে প্রচার বা প্রকাশ করা অনভিপ্রেত ও বিভ্রান্তিকর।কমিশন আরো জানায়, ওই প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও শেয়ারের মাধ্যমে বক্তব্যগুলোকে বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে। এতে চেয়ারম্যান ও কমিশনের অবস্থান সম্পর্কে জনসাধারণ এবং বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। পাশাপাশি পুঁজিবাজারে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।

বিএসইসি বলেছে, পুঁজিবাজারের মতো সংবেদনশীল খাতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও কমিশনারের নামে বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দায়িত্বশীলতা অনুসরণ করা জরুরি। কোনো বক্তব্যের সত্যতা যাচাই না করে তা প্রকাশ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে।

এ পরিপ্রেক্ষিতে সব সংবাদমাধ্যম, সাংবাদিক, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এবং পুঁজিবাজারের সংশ্লিষ্ট ব্যক্তিদের যাচাই-বাছাই ছাড়া বিএসইসি চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা অবস্থান প্রচার না করার আহ্বান জানিয়েছে কমিশন।

কমিশনের সিদ্ধান্ত, নির্দেশনা, নীতিগত অবস্থান বা গুরুত্বপূর্ণ বক্তব্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের জন্য বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইট, অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তি এবং কমিশনের মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে চেয়ারম্যান বা কমিশনের নামে মিথ্যা, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য তৈরি, প্রকাশ ও প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পুঁজিবাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএসইসি দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো তথ্যের ভিত্তিতে বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্যের উৎস ও সত্যতা যাচাই করতে বিনিয়োগকারীদের অনুরোধ করেছে কমিশন।