পোশাক খাতে যুক্ত হলো আরো ৪ লিড সনদপ্রাপ্ত কারখানা
মে ৩, ২০২৬ ৭:০৭ pm
বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নে আরো একধাপ এগিয়েছে। নতুন করে ৪টি কারখানা আন্তর্জাতিক স্বীকৃত ‘লিড’ (LEED) সনদ অর্জন করায় দেশে এ ধরনের কারখানার মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৮৪টিতে। এর মধ্যে ১২১টি প্লাটিনাম এবং ১৪৪টি গোল্ড রেটিংপ্রাপ্ত। একই সঙ্গে বিশ্বের সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত শীর্ষ ১০০ লিড কারখানার মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৫২টিতে উন্নীত হয়েছে।
নতুন সনদপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে, চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড (ইউনিট-০২) ‘লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪’ মানদণ্ডে ৮৬ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ওয়েলডান অ্যাপারেল লিমিটেড ‘লিড ও+এম: এক্সিস্টিং বিল্ডিংস ভি৪.১’ মানদণ্ডে ৭৫ পয়েন্ট পেয়ে গোল্ড সনদ অর্জন করেছে।
এ ছাড়া ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত এভারব্রাইট সোয়েটার লিমিটেড ৮৩ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ লাভ করেছে। গাজীপুরের সুরাবাড়িতে অবস্থিত সিয়াম কম্পিউটারাইজড ইলাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (মামটেক্স) ৮৪ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পানি সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের ক্ষেত্রে বাংলাদেশের পোশাক খাত এখন বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। লিড সনদপ্রাপ্ত কারখানার ক্রমবর্ধমান সংখ্যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতা সক্ষমতাকে আরো জোরালো করছে।
বিজিএমইএর সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘টেকসই শিল্পায়নের সূচকে বাংলাদেশ এখন বৈশ্বিক নেতৃত্বের কাতারে। নতুন চারটি কারখানার সংযোজন এ অগ্রযাত্রাকে আরো বেগবান করেছে।
তিনি আরো উল্লেখ করেন, এই ধারাবাহিকতা বজায় রাখতে উদ্যোক্তা, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
বিশেষজ্ঞরা মনে করছেন, সবুজ শিল্পায়নের এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বাংলাদেশ কেবল উৎপাদন সক্ষমতায় নয়, পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থাপনায়ও বিশ্বে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হবে