এসব সমস্যা সমাধানে কোরীয় বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। স্যামসাংসহ অন্যান্য কোরীয় প্রতিষ্ঠানের আমদানি-সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন তিনি।
কোরীয় বিনিয়োগকারীদের নীতিগত ও প্রশাসনিক সমস্যা সমাধানে শিগগিরই একটি যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে। এতে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় এবং কোরীয় বিনিয়োগকারীদের প্রতিনিধিরা অংশ নেবেন। এর মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে বিনিয়োগ পরিবেশ উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে জাহাজ নির্মাণশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন। এ কেন্দ্রে স্থানীয় প্রকৌশলী ও দক্ষ জনবলকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগে জাহাজের নকশা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হতে পারে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। দেশটির শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
বৈঠকে এলএনজি সরবরাহ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং শিল্পের জ্বালানি চাহিদা বিবেচনায় এ সহযোগিতার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইরানে নতুন সামরিক হামলা আপাতত স্থগিত রাখছেন ট্রাম্প
বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
