দেশের বাজারে সোনার দাম কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছে ৫ হাজার ৪৮২ টাকা।
আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এই ঘোষণা দিয়েছে। আজ সকাল থেকেই নতুন দর কার্যকর। এর আগে গত ১৯ মার্চ এক দিনে দুবার সোনার দাম কমানো হয়েছিল।
বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
এর আগে ১৯ মার্চ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
সম্প্রতি বাংলাদেশসহ সারা বিশ্বে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে কয়েক সপ্তাহজুড়েই চলে দামের নাটকীয় ওঠানামা। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই সোনার দামে এই অস্থিরতা দেখা যাচ্ছে। বার বার দাম সমন্বয়ের কারণে বিভ্রান্ত হচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই।
বিশ্ববাজারে দাম বৃদ্ধির পর দেশের বাজারেও ভালো মানের এক ভরি সোনার দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। তবে আন্তর্জাতিক বাজারে দর কমতেই দেশের বাজারেও বড় ধরনের সমন্বয় শুরু হয়। করোনার পরের পাঁচ বছরে বিশ্বে সোনার দাম ঝড়োগতিতে বেড়েছে। দেশে ২০২৩ সালের জুলাইয়ে প্রথমবার এই ধাতুটির দাম ভরিতে ছাড়ায় এক লাখ টাকা।
