এপ্রিল ২১, ২০২৬ ১১:১৬ am
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় ফুলজোড় নদীর পাড় থেকে জাহের আলী (৬৫) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর এলাকায় নদীর পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত জাহের আলী সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে জাহের আলী তাঁর অটোভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর সারা রাত তিনি আর বাড়ি ফেরেননি। সকালে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হলে নদীর পাড়ে একটি মরদেহ পাওয়ার খবর পান। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে জাহের আলীর মরদেহ শনাক্ত করেন। নিহতের অটোভ্যানটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে অটোভ্যানটি নিয়ে পালিয়ে গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।